১০০ পর্বে ‘আমি এখন কী করব?’
অনেকের জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যা কাছের মানুষের সাথেও শেয়ার করা যায় না। পরিচয় গোপন রাখার শর্তে সেইসব সমস্যার সমাধান দিতে বাংলাভিশনে প্রতি শুক্রবার রাতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সম্পর্কের বিভিন্ন দিক ও জটিলতা নিয়ে অনুষ্ঠান ‘আমি এখন কী করব?’ ৮ ফেব্রুয়ারি, শুক্রবার প্রচার হবে অনুষ্ঠানটির ১০০তম পর্ব।
বিশিষ্ট অভিনেত্রী সারা যাকেরের উপস্থাপনা ও মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানমের বিশ্লেষণে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আমন্ত্রিত এক বা দু’জন অতিথি। যে কোন ব্যক্তিগত সমস্যা নিয়ে দর্শকরা সরাসরি কথা বলতে পারবেন উপস্থাপক, বিশ্লেষক ও অতিথিদের সাথে। কাওনাইন সৌরভের প্রযোজনায় ‘আমি এখন কী করব?’ অনুষ্ঠানটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে রাত ১১টা ২৫ মিনিটে।
