বিয়ন্সি জ্বরে সোশ্যাল নেটওয়ার্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগ সুপার বোলের বিরতির সময় করা শো’র বদৌলতে ইন্টারনেট এখন কাঁপছে পপ শিল্পী বিয়ন্সি নোলস জ্বরে। এবিসি নিউজ জানিয়েছে, সুপার বোলে বিয়ন্সির ধুন্দুমার শোর পর ফেইসবুক, টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এখন জয়জয়কার চলছে এই মার্কিন পপ শিল্পীর।
সুপার বোলের বিরতিতে বিয়ন্সির শো শুরু হতে না হতেই টুইটার আর ফেইসবুকে যেন বিয়ন্সিকে নিয়ে পোস্ট করতে হুড়োহুড়ি পড়ে যায়। দর্শকদের একের পর এক টুইটে আসতে থাকে কেবল বিয়ন্সির জয়গান।
সোশ্যাল মিডিয়া অ্যানালিটিকাল সাইট টপসির বরাত দিয়ে এবিসি জানিয়েছে, বিয়ন্সির শো চলাকালে কম করে হলেও টুইটারে ৭ লাখ ৪৯ হাজার পোস্ট আসে তাকে নিয়ে। খোদ ট্ইুটার জানিয়েছে, ওই পারফরমেন্সের পর এক রাতেই অন্তত ৬০ লাখ টুইট করা হয়েছে বিয়ন্সিকে নিয়ে।
