সলিল সমাধি হলো মার্কিন কৃত্রিম উপগ্রহের
ফ্লোটিং প্যাড থেকে লঞ্চ করার ৪০ সেকেন্ডের মাথায় প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে মার্কিন টেলিযোগাযোগ উপগ্রহ ইনটেলস্যাট-২৭ বহনকারী ইউক্রেনিয়ান-রাশান মহাকাশযান জেনিট। বিবিসি জানিয়েছে, গ্রিনিচ মান সময় ৬টা ৫৬ মিনিটে উৎক্ষেপণের ৪০ সেকেন্ড পর সাগরে আছড়ে পড়ে রকেটটি।
ভাসমান লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হয়েছিলো জেনিট রকেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি ক্র্যাশ করলেও এতে জান-মালের কোনো ক্ষতি হয়নি। রকেটটি লঞ্চ করার সময় লঞ্চ প্যাড থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে ছিলো সহায়ক জলযানগুলো।
সফলভাবে মহাকাশে পৌঁছালে আটলান্টিক মহাসাগরের উপরের মহাকাশে অবস্থান করতো ইনটেলস্যাট-২৭ নামের কৃত্রিম উপগ্রহটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে কাজ করতো এটি।
এ ব্যাপারে জেনিট রকেটের ভাসমান লঞ্চ প্যাডের মালিক প্রতিষ্ঠান সি লঞ্চের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, ‘এ দুর্ঘটনার কারণটি এখনও আমাদের অজানা। আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি এবং ইনটেলস্যাট, বোয়িং এবং জেনিট-থ্রিএসএলের সরবরাহকারীদের সঙ্গে কাজ করছি।’
