পিটার হিগসের নামে পুরস্কার
হিগস-বোসন পার্টিকল খ্যাত স্কটিশ বিজ্ঞানী পিটার হিগসের নামে নামকরণ করা হয়েছে স্কটিশ সরকারের প্রবর্তিত নতুন এক পুরস্কারের। স্কটিশ স্কুলগুলোর সবচেয়ে সম্ভাবনাময় শিক্ষার্থীদের দেয়া হবে এই পুরস্কার। বিবিসি জানিয়েছে, বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এ ঘুরে আসার সুযোগ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হিগসের নামে করা পুরস্কারটির ঘোষণা দেয়া হবে। অনুষ্ঠানে থাকবেন স্কটিশ মন্ত্রী অ্যালেক্স স্যামন্ড এবং প্রফেসর পিটার হিগস।
নিজের নামে স্কুল শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রবর্তন করায় বেশ খুশি প্রফেসর হিগস। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি আশা করি, তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে পুরস্কারটি।’
প্রফেসর পিটার হিগস প্রথমবারের মতো ‘গড পার্টিকল’-এর কথা বলেছিলেন ১৯৬৪ সালে। এর ৪৮ বছর পর অবশেষে হিগস পার্টিকলের খোঁজ পান সার্ন বিজ্ঞানীরা।
