একটি অণুতেই চলবে ছোট্ট মোটর
একটিমাত্র অণু ব্যবহার করে তৈরি ছোট্ট মোটর সহজ করে দিতে পারে ছোট ছোট যন্ত্রপাতি তৈরির প্রক্রিয়াটি। কিন্তু বড় আকৃতির মডেলের আদলে ছোট মোটর বানানোর প্রযুক্তিটি বিজ্ঞানীদের কাছে এখনও বেশ কষ্টসাধ্যই। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্স জানিয়েছে, সম্প্রতি পৃথিবীর প্রথম কম্প্যাক্ট মলিকিউলার মোটর বানাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
লাইভসায়েন্সের দেয়া তথ্য অনুযায়ী, এক অণুচালিত মোটরটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওহাইও এবং ফ্রান্সের একদল বিজ্ঞানী। মোটরটি শুধু ঘড়ির কাটার মতো বাম থেকে ডানেই ঘোরে না, ঘোরে ঘড়ির উল্টো দিকেও।
মোটরটি তৈরিতে যে অণু ব্যবহার করা হয়েছে, উচ্চতায় সেটি ১ ন্যানোমিটার আর প্রস্থে ২ ন্যানোমিটার। এমন আকারের জন্য এর নাম দেয়া হয়েছে ‘পিয়ানো স্টুল কমপ্লেক্স। তিনটি পায়ে ভর দিয়ে মোটরটি দাঁড়িয়ে থাকে সোনা ব্যবহার করে তৈরি সমতলের উপর। মোটরটির উপরের অংশে রয়েছে লোহার তৈরি পাঁচটি স্পোকের রোটর। স্পোকগুলোর মধ্যে একটি আবার আকারে ছোট, রোটরটি ঘুরছে কিনা, তা বোঝা সহজ করে দেয় ছোট স্পোকটি। আর মোটরের দু’টি অংশের সংযোগটি ধরে রাখে একটি মাত্র রুথেনিয়াম পরমাণু।
মোটরটি চলে ইনইলাস্টিক ইলেকট্রন টানেলিং নামের এক কোয়ান্টাম মেকানিকাল পদ্ধতিতে। এ পদ্ধতিতে অণুটির দিকে ছুড়ে দেয়া হয় ইলেকট্রন, আর ইলেকট্রন স্থানান্তরের কারণে সৃষ্ট কম্পনে ঘোরে রোটরটি।
মাইনাস ৩২৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও চলে মলিকিউলার মোটরটি। মোটরটির রোটরের গতি ও দিক নিয়ন্ত্রণের উপায়ও বের করে ফেলেছেন বিজ্ঞানীরা। রোটরের লম্বা স্পোকগুলোতে শক্তি কেন্দ্রীভূত করলে ঘড়ির কাটার উল্টোদিকে ঘোরে রোটরটি। আর ছোট স্পোকে কেন্দ্রীভূত করলে রোটর ঘোরে ঘড়ির কাটার দিকে।
বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক ক্রিস্টিয়ান জোয়াকিম বলেন, ‘মোটরটি আদতে একটি কনসেপ্ট মলিকিউল। এর মূল উদ্দেশ্য হচ্ছে একটি অণু থেকে পাওয়া ঘূর্ণন শক্তির ব্যাপারে আমাদের জ্ঞান বৃদ্ধি করা।’
আপাতত দু’টি লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। মোটরটিকে একটি ন্যানোমিটার মাপের গিয়ার চেইনের সঙ্গে সংযুক্ত করা, তারপর মোটরটি একটি ন্যানো-কারে স্থানান্তর করে মলিকিউল মোটর থেকে পাওয়া শক্তিতে গাড়িটি চালিয়ে দেখবেন বিজ্ঞানীরা।
