নিউ ইয়র্ক টাইমসে চীনা হ্যাকারদের আক্রমণ
টানা চার মাসেরও বেশি সময় ধরে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের ওপর নিয়মিত সাইবার আক্রমণ চালাচ্ছে চীনা হ্যাকাররা। চীনের হ্যাকারদের এই আক্রমণের খবর জানিয়েছে খোদ নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ।
সূত্র জানিয়েছে, সংবাদপত্রটির কম্পিউটার নেটওয়ার্কে হামলায় যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, একই পদ্ধতি ব্যবহারের ইতিহাস রয়েছে চীনের সামরিক হ্যাকারদের। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে সংবাদপত্রটি খবর প্রকাশ করলে শুরু হয় এই সাইবার আক্রমণ।
জিয়াবাও এবং তার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ কমপক্ষে ২৭০ কোটি ডলার বলে জানিয়েছিলো সংবাদমাধ্যমটি। তবে এ সম্পদ জিয়াবাও এবং তার পরিবারের সদস্যরা কোনো অসৎ পন্থায় আয় করেছেন বলে ইঙ্গিত করা হয়নি ওই খবরে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জিয়াবাও-এর আর্থিক অবস্থা নিয়ে তৈরি প্রতিবেদনটি ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ছিলো শেষের পথে। ওই সময় থেকেই প্রতিবেদনটির লেখক নিউইয়র্ক টাইমসের সাংহাই ব্যুরো চিফ ডেভিড বারবোজার কম্পিউটার দিয়ে শুরু হয় ওই সাইবার আক্রমণ।
হ্যাকাররা সংবাদপত্রটির কম্পিউটার নেটওয়ার্কে একটি ম্যালওয়্যার ইনস্টল করে দেয়। ম্যালওয়্যারটির বদৌলতে ওই নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারে অনুপ্রবেশের সুযোগ পায় হ্যাকাররা।
এই সাইবার আক্রমণের উৎস খুঁজে বের করতে ইন্টারনেট সিকিউরিটি ফার্ম ম্যানডিয়ান্টকে ভাড়া করেছিলো নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। টানা চার মাস অনুসন্ধানের পর সংবাদপত্রটির ওপর সাইবার আক্রমণের সঙ্গে চীনের হ্যাকারদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানডিয়ান্ট।
