কোম্পানির নামও এখন ব্ল্যাকবেরি
অবশেষে কানাডিয়ান মোবাইল ফোন নির্মাতা রিসার্চ ইন মোশন নাম পাল্টে ব্ল্যাকবেরি হলো। প্রতিষ্ঠানটি তাদের নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ চালিত নতুন দু’টি স্মার্টফোন ব্ল্যাকবেরি জি১০ এবং কিউ১০ বাজারে আনলো একইসঙ্গে। বিবিসি জানিয়েছে, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোর বিক্রি প্রথম শুরু হবে যুক্তরাজ্যে।
জি১০ এবং কিউ১০ স্মার্টফোন দু’টি দিয়ে হারানো বাজারে ফেরার আশা করছে ব্ল্যকবেরি। নতুন স্মার্টফোন দু’টির উদ্বোধন উপলক্ষ্যে নিজেদের নামটিও পাল্টে ফেলেছে প্রতিষ্ঠানটি। রিম থেকে পরিণত হয়েছে ব্ল্যাকবেরিতে।
ব্ল্যাকবেরির জি১০ মডেলটিতে রয়েছে ৪.২ ইঞ্চি টাচস্ক্রিন। অন্যদিকে কিউ১০-এর স্ক্রিনটি ছোট। এটি ৩.১ ইঞ্চি হলেও রয়েছে বাটনযুক্ত কোয়ার্টি কিপ্যাড। দু’টি স্মার্টফোনই চলবে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমে। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার যুক্তরাজ্যে বিক্রি শুরু হবে ব্ল্যাকবেরির নতুন মডেল দু’টি। কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের বাজারে বিক্রি শুরু হবে ফেব্রুয়ারি মাসে এবং যুক্তরাষ্ট্রে মার্চ মাসে।
