যথেষ্ট মেমোরি নেই সারফেস প্রোতে
৯ ফেব্রুয়ারি বাজারে আসার কথা রয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি ট্যাবলেট কম্পিউটার ‘সারফেস প্রো’র। কিন্তু ট্যাবলেটটি বাজারে আসার আগে থেকেই এতে যথেষ্ট মেমোরি থাকবে না বলে গুজব রটেছিলো। এবার সেই গুজবের সত্যতা স্বীকার করে নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, প্রাথমিক অবস্থায় সারফেস প্রোর ৬৪ জিবি মডেলে ব্যবহারযোগ্য মেমোরি থাকবে মাত্র ২৩ জিবি।
সারফেস প্রোর এই মেমোরি স্বল্পতার গুজব মাইক্রোসফট নিশ্চিত করেছে সিনেটকে দেয়া এক বিবৃতির মাধ্যমে। বিবৃতিতে মাইক্রোসফট মুখপাত্র বলেন, ‘আনকোরা নতুন সারফের প্রোর ১২৮ জিবি মডেলে মেমোরি ফাঁকা থাকবে ৮৩ জিবি। ৬৪ জিবি মডেলে ফাঁকা থাকবে ২৩ জিবি মেমোরি।’
সারফেস ট্যাবলেটের মেমোরি স্বল্পতার কারণটি হচ্ছে এর অপারেটিং সিস্টেম। ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। ট্যাবলেট কম্পিউটারের মেমোরির হিসেব কষতে গেলে তুলনামূলক অনেক বেশি মেমোরি ব্যবহার করে উইন্ডোজ ৮। মাইক্রোসফটের বিবৃতি অনুযায়ী সারফেস ট্যাবলেটে সর্বোচ্চ ৪৫ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারে কেবল অপারেটিং সিস্টেমটিই।
এই মেমোরি স্বল্পতার কারণেই প্রাথমিক অবস্থায় আলোড়ন সৃষ্টি করলেও প্রতিযোগিতার বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি সারফেস আরটি ট্যাবলেট। তবে সারফেস আরটি এবং প্রো দু’টি মডেলেই রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে প্রয়োজনীয় মেমোরির অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন সারফেস ব্যবহারকারীরা।
