২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াই সবচেয়ে ‘অনির্ভরযোগ্য’

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দিক থেকে বিশ্বের সবচেয়ে অনির্ভরযোগ্য ব্যবসা ক্ষেত্র হচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেট-এর এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। ৬৭০০ সাধারণ গ্রাহকের মতামতের ওপর ভিত্তি করে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার এই অনির্ভরযোগ্যতার বিষয়টি জানালো গবেষণা প্রতিষ্ঠান পনিমন ইনস্টিটিউট।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:36 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

প্রতিবছরই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে এমন ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা বানায় গবেষণা প্রতিষ্ঠানটি। সর্বশেষ ২০১২ সালের জন্য পনিমনের বানানো ‘মোস্ট ট্রাস্টেড কোম্পানিস ফর প্রাইভেসি’ তালিকায় নেই অনলাইন সোশ্যাল মিডিয়া এবং গুগল, ইয়াহু এবং বেস্ট বাইয়ের মতো একাধিক সাইট।

৬৭০০ পূর্ণবয়স্ক মার্কিন নাগরিকের মতামতের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। তালিকাটিতে প্রযুক্তি জগতের একাধিক প্রতিষ্ঠান আগে স্থান পেলেও নেই ২০১২ সালের তালিকায়। চার বছরের মধ্যে প্রথমবারের মতো তালিকা থেকে ছিটকে পড়েছে অ্যাপল। এছাড়া গুগল, ফেইসবুক, ইয়াহু, ডেল, বেস্ট বাইয়ের মতো সাইটগুলো তালিকায় আগে থাকলেও বাদ পড়েছে এবার।

পনিমন ইনস্টিটিউটের চালানো জরিপে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই আশংকা প্রকাশ করেন প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে। শতকরা ৫৯ শতাংশ মানুষ মনে করেন, তাদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার ক্ষুন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন এবং জিওট্র্যাকিং টুলসের কারণে।

জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেক মানুষ জানিয়েছেন, শেষ দু’বছরে অন্তত একবার হলেও তার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। আর ৭৭ শতাংশ মানুষ মন্তব্য করেন, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার নোটিফিকেশনের কারণে বিশ্বাস হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের ওপর।