২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবেই আয়রন ম্যানের লেজার গান্টলেট

হলিউডি সিনেমা আয়রন ম্যান যাদের দেখা আছে, তারা জানেন আয়রন ম্যানের লেসার গান্টলেট বা হাতের দস্তানাটির কথা। হাতের ধাতব দস্তানাটিতে লুকোনো লেজার রশ্মি দিয়ে বিধ্বংসী সব ঘটনা ঘটিয়ে দিতো আয়রন ম্যান। গিজম্যাগ জানিয়েছে, শখের বসে সেই লেজার রশ্মি ছুঁড়ে দেয়া ধাতব দস্তানাটি বাস্তবেই বানিয়েছেন জার্মান প্যাট্রিক প্রিবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 02:19 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নিজের ঘরে বসেই ১২০ ঘণ্টা শ্রম দিয়ে পুরোপুরি কার্যকর দস্তানাটি বানিয়েছেন প্রিবে। দস্তানাটি বানিয়েছেন অ্যালুমিনিয়াম দিয়ে। ব্যবহারকারীর হাত ঢোকাবার জন্য সিনেমার দস্তানাটির মতোই খুলে যায় প্রিবের বানানো দস্তানাটি। এরপর স্প্রিং আর লিভার সিস্টেম ব্যবহার করে হলকাভাবে হাতের উপর বসে যায় সেটি। দস্তানাটির সবগুলো যন্ত্রাংশ জায়গা মতো বসে গেলেই একটি এলইডি লাইট জ্বলে ব্যবহারকারীকে জানিয়ে দেয়, প্রস্তুত লেজার দস্তানাটি।

এরপর বাস্তবের ‘আয়রন ম্যান’ যদি লেজার দিয়ে কোনো কিছুতে আঘাত করতে চান, তবে দস্তানাটির তালুতে থাকা কন্ট্রোল মডিউল চাপলেই বেরিয়ে আসে লেজার রিগটি। প্রথমে দু’টি লাল লেজার রশ্মি দিয়ে ঠিক করে নিতে হবে আক্রমণের লক্ষ্যবস্তুটি, এরপর আরকেটি বোতাম চাপলেই শক্তিশালী একটি নীল লেজার রশ্মি বেড়িয়ে এসে আঘাত করবে লক্ষ্যবস্তুতে।

সিনেমার আয়রন ম্যানের দস্তানাটির মতো লেজার রশ্মি ছুঁড়ে গাড়ি বা ট্যাংক ধ্বংস করতে না পারলেও কম যায় না বাস্তবের লেজার ছুঁড়ে দেয়া দস্তানাটি। নীল লেজার দিয়ে বেলুন উড়িয়ে দিয়ে এর কার্যক্ষমতাও দেখিয়ে দিয়েছেন প্রিবে।

সিনেমায় আয়রন ম্যান ধ্বংসযজ্ঞ চালাতে লাল লেজার ব্যবহার করলেও বাস্তবের দস্তানাটিতে নীল লেজার রশ্মি ব্যবহারের কারণটিও ব্যাখ্যা করেছেন প্রিবে। লাল লেজার রশ্মির তুলনায় নীল লেজার রশ্মি বেশি শক্তিশালী বলেই সেটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তিনি।

প্রিবের তৈরি দস্তানাটির তালুতে লুকানো রয়েছে দ্বিতীয় আরেকটি নীল লেজার। লক্ষ্য ঠিক করার জন্য দু’টি লাল লেজার আর আক্রমণ চালানোর জন্য দুটি নীল লেজার, এই চারটি লেজারের সবগুলোকেই শক্তি জোগায় ৩.৭ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি।

শখের বসেই ডিভাইসটি বানিয়েছেন প্রিবে। তবে সাধারণ মানুষকে এটি বানানোর প্রযুক্তি শেখানোর কোনো ইচ্ছে নেই বলেই জানিয়েছেন তিনি। তবে সঠিক মূল্য পেলে অন্য কাউকে ডিভাইসটি বানিয়ে দিতেও আপত্তি নেই তার।