২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএসের নতুন আপডেট আনলো অ্যাপল

আইপ্যাড আর আইফোনের পরবর্তী মডেল নিয়ে নিত্যনতুন গুজবের মধ্যেই আইওএস ৬ অপারেটিং সিস্টেমের আপডেট আইওএস ৬.১ এনেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সিনেট জানিয়েছে, নতুন আইওএস অপারেটিং সিস্টেমে ফোরজি এলটিই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অন্যদিকে, অ্যাপল ১২৮ জিবি ধারণক্ষমতার ফোরজি আইপ্যাড বানাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 02:19 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

সিনেটের দেয়া তথ্য অনুযায়ী, ফোরজি এলটিই সুবিধা ছাড়াও বেশ কয়েকটি ছোট পরিবর্তন আনা হয়েছে আইওএস ৬.১-এ। অপারেটিং সিস্টেমটির নতুন আপডেটে আর্টিফিশিয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির সাহায্য নিয়ে সিনেমার টিকেট কেনা যাবে। এছাড়াও ফেরত এসেছে আইটিউনস ম্যাচ সাবস্ক্রাইবারদের আইক্লাউড থেকে আলাদা আলাদা গান ডাউনলোড করার ফিচারটি।

পরিবর্তন এসেছে পাসবুক সফটওয়্যার, সাফারি ব্রাউজার এবং স্ক্রিন লক থাকা অবস্থায় প্লেব্যাক কন্ট্রোল ফিচারে। যে ম্যাপিং অ্যাপের জন্য আইফোন ৫ বাজারে আসার পর ক্রেতাদের দুয়োর মুখে পড়েছিলো অ্যাপল, পরিবর্তন এসছে সেই ম্যাপিং অ্যাপ্লিকেশনেও।

এদিকে আইপ্যাড আর আইফোনের পরবর্তী মডেল নিয়ে প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন সব গুজব। সর্বশেষ নাইনটুফাইভ ম্যাকের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ১২৮ জিবি মেমোরির নতুন একটি আইপ্যাড নিয়ে কাজ করছে অ্যাপল।

অ্যাপল পণ্যের ব্যাপারে আগাম ভবিষ্যৎদ্বাণী করার ক্ষেত্রে নাইনটুফাইভ ম্যাককে নির্ভরযোগ্য সূত্র হিসেবেই বিবেচনা করা হয়। ওয়েবসাইটটির দেয়া তথ্য অনুযায়ী, ১২৮ জিবির আইপ্যাডে থাকবে ফোর জি এবং ওয়াই-ফাই সুবিধা, দাম হবে ৭৯৯ ডলার। অ্যাপলের পরবর্তী আইপ্যাডটি সত্যিই ১২৮ জিবি মেমোরির হলে সেটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তথ্য ধারণ ক্ষমতার আইপ্যাড।