২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইনে পর্নোগ্রাফি, বিপাকে টুইটার

টুইটারের জন্য ভিডিও শেয়ারিং অ্যাপ ‘ভাইন’ চালুর পর সপ্তাহ পার হবার আগেই এতে ছড়িয়ে পড়েছে পর্নোগ্রাফি। সিনেট জানিয়েছে, আইপ্যাড এবং আইপড টাচ ব্যবহারকারীদের অনেকেই অ্যাপটি পর্নো ভিডিও শেয়ার করতে ব্যবহার করায় বিপাকে পড়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 03:11 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

টুইটার ভিডিও শেয়ারিং অ্যাপ ভাইন চালু করে ২৪ জানুয়ারি। মোবাইল অ্যাপটি ব্যবহার করে সর্বোচ্চ ৬ সেকেন্ডের ভিডিও টুইটার ফিডে পোস্ট করতে পারেন এর ব্যবহারকারীরা। ভাইনে পর্নো ভিডিও শেয়ারের ব্যাপারটি চিহ্নিত করেন নিউ ইয়র্ক টাইমসের নিক বিল্টন।

ভাইন ব্যবহার করে ভিডিও শেয়ারের ব্যাপারে টুইটারের তেমন কোনো বিধিনিষেধ না থাকলেও দায়িত্বশীলতার সঙ্গে টেক্সট এবং ভিডিও শেয়ার করতে উৎসাহ দেয় মাইক্রোব্লগিং সাইটটি। কিন্তু ভাইন ব্যবহারকারীরা অ্যাপটির ‘অপব্যবহারে’ বেশ বিপাকেই পড়েছে টুইটার কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সিনেটকে দেয়া এক বিবৃতিতে টুইটারের প্রতিনিধি বলেন, ‘আমাদের দিকনির্দেশনা অমান্যকারী এবং ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে আমাদের সাইট থেকে। বন্ধ করে দেয়া হতে পারে ভিডিও আপলোডকারীর অ্যাকাউন্টটিও।’

পর্নোগ্রাফিক কনটেন্টের ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের তেমন কোনো বিধিনিষেধ না থাকলেও, পর্নোগ্রাফির ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে অ্যাপল। পর্নোগ্রাফির সঙ্গে সংশ্লিষ্ট অ্যাপগুলো সরিয়ে ফেলা হয় অ্যাপলের অ্যাপ স্টোর থেকে। সম্প্রতি পর্নো কন্টেন্ট খুঁজতে ব্যবহৃত হওয়ায় ৫০০পিএক্স নামের একটি অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। তবে ভাইনের ব্যাপারে অ্যাপল কি পদক্ষেপ নেবে তা এখনও পরিষ্কার নয়।