জাপানে আসছে ফোরকে টিভি
২০১৪ সালের জুলাই মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে আল্ট্রা হাই ডেফিনিশন বা ফোরকে টিভি সম্প্রচার শুরু করছে জাপান। সাধারণ হাই-ডেফিনিশন টেলিভিশনের তুনায় চারগুণ বেশি রেজুলিউশনের আল্ট্রা হাই-ডেফিনিশন ফোরকে টিভির চাহিদা বাড়াতেই জাপান এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
জাপান ফোরকে সম্প্রচার শুরু করবে প্রথমে যোগাযোগ উপগ্রহ ব্যবহার করে। এরপর ভূমি থেকেও শুরু হবে সম্প্রচার। ফোরকে সম্প্রচার শুরু হবার আগেই ফোরকে টেলিভিশন বিক্রি শুরু করে দিয়েছে একাধিক জাপানি প্রতিষ্ঠান। এই তালিকায় রয়েছে সনি, প্যানাসনিক এবং শার্প কর্পোরেশনের নাম। এছাড়া দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিক্সও বানাচ্ছে ফোরকে টিভি।
এর আগে ২০১৬ সালের জুলাই মাসে ফোরকে টিভি সম্প্রচার শুরু করার কথা জানিয়েছিলো জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে ২০১৪ সালে ব্রাজিলে ফুটবল বিশ্বকাপ ২০১৪ অনুষ্ঠিত হবে। এ কারণেই ফোরকে সম্প্রচার চালুর সমসয়সীমা দু’বছর এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে জাপানী সংবাদপত্র আসাহি।
আসাহি আরো জানিয়েছে, জাপানে এখনো ফোরকে টিভি সম্প্রচার শুরু না হলেও গবেষণা চলছে সুপার হাই-ডেফিনিশন ‘এইটকে’ টেলিভিশন নিয়ে। ২০১৬ সালে জাপানে এইটকে টিভি সম্প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
