আয়ারল্যান্ডে নতুন প্ল্যান্ট বানাবে ইনটেল
চারশো কোটি ডলার খরচে আয়ারল্যান্ডে মাইক্রোচিপ বানোনোর নতুন প্ল্যান্ট স্থাপন করছে ইনটেল। সিনেট জানিয়েছে, সম্প্রতি আয়ারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নতুন ফ্যাক্টরি বানানোর অনুমতিও পেয়ে গেছে মার্কিন এই মাইক্রোচিপ জায়ান্ট।
আয়ারল্যান্ডভিত্তিক টেকনোলজি খবরের সাইট সিলিকন রিপাবলিক জানিয়েছে, নতুন প্ল্যান্টে পরবর্তী প্রজন্মের ১৪ ন্যানোমিটার প্রসেসর বানাবে ইনটেল। ইনটেলের পরিচালকদের কাছ থেকে অনুমতি পেলেই শুরু হবে প্ল্যান্টটি তৈরির কাজ।
আয়ারল্যান্ডের লিক্সলিপে অবস্থিত ইনটেলের পুরনো প্ল্যান্টের সঙ্গেই তৈরি হবে নতুন প্ল্যান্টটি। ইনটেল এখন বাণিজ্যিকভাবে ২২ ন্যানোমিটারের চিপ বানালেও ক্রমশ আরো ছোট চিপ বানানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
লিক্সলিপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগন এবং অ্যারিজোনায় অবস্থিত ইনটেলের প্ল্যান্টগুলোতেই শুরু হবে ১৪ ন্যানোমিটারের চিপ তৈরির কাজ। এরপর ১০ ন্যানোমিটার, ৭ ন্যানোমিটার এবং ২০১৯ সাল নাগাদ ৫ ন্যানোমিটারের চিপ বানাবার লক্ষ্য রয়েছে ইনটেলের।
