আইপ্যাড চালাতে পারে আরাধিয়া
সবে ১৪ মাস বয়স হলো তার; ইতোমধ্যেই আইপ্যাডের বাটন টিপে নিজের পছন্দের ছড়াগুলো শুনে নিতে পারে আরাধিয়া। দাদা অমিতাভ বচ্চনের ব্লগ অবলম্বনে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস সম্প্রতি প্রকাশ করেছে বচ্চন পরিবারের ছোট্ট এই সদস্যের প্রযুক্তিপ্রীতির কথা।
অমিতাভ লিখেছেন, ‘আরাধিয়া আইপ্যাডে তার পছন্দের ছড়া শোনে নিজে নিজেই। এমনকি, যখনই কোনো রিমোট তার নজরে আসে, তখনই সে ওটা তুলে টিভির দিকে তাক করে; ভাবখানা এমন যেন, টিভি অন করছে সে!’
বলিউডি অভিনয়শিল্পী অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন তনয়ার এই প্রযুক্তিপ্রীতি নিয়ে বেজায় খুশি অমিতাভ। এই পুঁচকে বয়সেই আইপ্যাড চালাতে পারায় আরাধিয়াকে নিয়ে গর্বেরও অন্ত নেই তার। তবে ৭০ বছর বয়সি এই সিনিয়র অভিনেতার দুঃখ একটাই, আরাধিয়া যখন বড় হবে, তখনকার সেই উন্নত প্রযুক্তির বিশ্বে নাও থাকতে পারেন তিনি!
অমিতাভ লিখেছেন, ‘অসাধারণ এক প্রজন্মকে বেড়ে উঠতে দেখছি আমরা! দুঃখ একটাই, ভবিষ্যতের পৃথিবী। যেখানে সাইবার জগতের কর্তৃত্বে এবং এর পরিচালনায় থাকবে এই ছোট ছোট শিশুরা, তখন তা দেখার জন্য আমরা বেঁচে থাকবো না!’
টুইটার, ফেইসবুক এবং নিজের ব্লগের মাধ্যমে ইন্টারনেটে নিয়মিতভাবে সক্রিয় থাকা অমিতাভ প্রায়ই তার আরো দুই নাতি-নাতনি নাভিয়া-নাভেলী এবং আগাস্তিয়াকে নিয়েও প্রায়ই লেখালেখি করেন। বিশেষ করে মেয়ে শ্বেতার ঘরের নাতি আগাস্তিয়ার ইলেক্ট্রনিক গ্যাজেটস নিয়ে আগ্রহের ব্যাপারে কিছুদিন আগেই লিখেছিলেন অমিতাভ।
