স্টিভ জবসের চরিত্রে অ্যাশটন কুচার
প্রযুক্তি কিংবদন্তী ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘জবস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউডি অভিনেতা অ্যাশটন কুচার। সিনেট জানিয়েছে, ৭০ থেকে ৯০ দশকের মধ্যে জবসের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হবে শুক্রবার স্যানড্যান্স ফিল্ম ফেস্টিভালে।
যুক্তরাষ্ট্রের ইউটাহ-এর স্যানড্যান্স ফিল্ম ফেস্টিভালে ‘জবস’-এর উদ্বোধনী প্রদর্শনী হলেও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন ১৯ এপ্রিল থেকে। সিনেমাটির মূল পটভূমি গড়ে উঠেছে ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত অ্যাপল প্রতিষ্ঠাতার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার ওপর ভিত্তি করে। এ সময়ের মধেই অ্যাপল ছেড়েছিলেন জবস। দাঁড় করিয়েছিলেন নেক্সট ও পিক্সার। অ্যাপল নেক্সট কিনে নিলে প্রতিষ্ঠানটিতে আবার ফিরে আসেন এই টেক গুরু।
সিনেমাটির শুটিং শুরু হয় স্টিভ জবসের ছোটবেলার বাসস্থান ক্যালিফোর্নিয়ার লস অ্যালটসে। শুটিং চলাকালেই ফাঁস হয়ে যায় কস্টিউম পরা অবস্থায় তোলা অ্যাশটন কুচারের একাধিক ছবি।
সিনেমাটিতে স্টিভ জবসের চরিত্রে কুচার ছাড়াও সাবেক অ্যাপল সিইও জন স্কালির চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিউ মডিন। এছাড়া অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের চরিত্রে অভিনয় করেছেন জস গ্যাড এবং জবসের প্রেমিকা ক্রিস-অ্যান ব্রেনানের চরিত্রে অভিনয় করেছেন আহনা ওরাইলি।
