২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরাংওটাংদের নতুন খেলনা ‘আইপ্যাড’

নতুন খেলনা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানা স্মিথসোনিয়ান ন্যাশনাল জু-এর ওরাংওটাংগুলো। মজার ব্যাপার হচ্ছে, ওরাংওটাংদের এই নতুন খেলনাগুলো সাধারণ বল বা গাড়ি নয় বরং টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইপ্যাড।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 12:18 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

লাইভসায়েন্স জানিয়েছে, গেইমস, ভার্চুয়াল বাদ্যযন্ত্র আর আঁকাআঁকির প্রোগ্রামের মতো ১০টি আইপ্যাড অ্যাপ্লিকেশন নিয়ে বেশ মজাতেই আছে ওরাংওটাংগুলো। এদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় রয়েছে ভিন্ন ভিন্ন অ্যাপ। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, অ্যাইপ্যাডের অ্যাপে ড্রামস বাজাতেই বেশি পছন্দ করে ৩৬ বছর বয়সি ওরাংওটাং বনি। ১৬ বছর বয়সি কাইলের পছন্দ পিয়ানো। আবার ২৫ বছরের আইরিস ভার্চুয়াল পুকুরে মাছের সাঁতার কাটা দেখতেই বেশি পছন্দ করে।

ওরাংওটাংদের এই আইপ্যাড প্রীতি নিয়ে চিড়িয়াখানাটির একজন পশুপালক বেকি ম্যালিনস্কি বলেন, ‘প্রাণীগুলোর দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতেই আমরা আইপ্যাড ব্যবহার করি। ওদের খাবার, খেলনা আর সামাজিক যোগাযোগের পন্থায় পরিবর্তন করি প্রতিদিনই। ওদের দেখা, শোনা আর অনুভব করার শক্তিকে কাজে লাগাবার নতুন আরেকটি উপায় হচ্ছে আইপ্যাড।’

বিজ্ঞানীদের মতে প্রাণীজগতে মানুষের সবচেয়ে কাছের ‘আত্মীয়’দের একটি হচ্ছে ওরাংওটাং। পুরো পৃথিবীতে জীবিত ওরাংওটাং রয়েছে মাত্র কয়েক হাজার। ওরাংওটাংদের জন্য আইপ্যাড সরবরাহ করছে ‘ওরাংওটাং আউটরিচ’ নামের একটি সংরক্ষণবাদী সংগঠন। ওরাংওটাং আর মানুষের মধ্যে যে মিল রয়েছে, তা চিড়িয়াখানার দর্শকদের কাছে তুলে ধরতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনিটির পরিচালক রিচার্ড জিমারম্যান।