বিক্রির তালিকায় ডেল!
প্রতিযোগিতামূলক বাজারে ধুঁকতে থাকা মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল বিক্রি হয়ে যেতে পারে। এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ডেলের সম্ভাব্য ক্রেতার তালিকায় রয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
মাইক্রোসফট ডেল কিনে নিলে, টানা ২৫ বছর পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কাজ করার পর প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হবে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে এজন্য ১০০ থেকে ৩০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে মাইক্রোসফট।
এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে মাইক্রোসফট। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার নির্মাতা ডেল। মাইক্রোসফটের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলোর একটি এই কম্পিউটার নির্মাতা। তবে সাম্প্রতিক সময়ে ট্যাবলেট ও স্মার্টফোনের বিক্রি বাড়তে থাকায় বাজারে পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি।
ডেলের আংশিক মালিকানা কিনে নিলে বর্তমান ব্যবসা অংশীদার কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকগুলোর কাছেই প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে মাইক্রোসফট। এর মধ্যেই সারফেস ট্যাবলেটের মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ট্যাবলেট নির্মাতাদের প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
