খনির খোঁজে গ্রহাণুতে অভিযান!
মহাকাশের গ্রহাণুগুলোতে বিরল খনিজ সম্পদের খোঁজে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ডিস স্পেস ইন্ডাস্ট্রিজ। বিবিসি জানিয়েছে, গ্রহাণুগুলোতে খনিজ সম্পদ অনুসন্ধানের ঘোষণা দেয়া দ্বিতীয় প্রতিষ্ঠান হচ্ছে ডিস স্পেস কর্পোরেশন। প্রতিষ্ঠানদু’টির এই উদ্যোগ হাজার কোটি ডলারের ব্যবসায় পরিণত হবে বলে ব্যবসায়ীরা মনে করলেও, এর সমালোচনা করছেন অনেক বিজ্ঞানী।
বিরল খনিজের খোঁজে মহাকাশে ‘ফায়ারফ্লাই’ নামের একাধিক ছোট আকৃতির নভোযান পাঠাবে ডিপ স্পেস ইন্ডাস্ট্রিজ। অভিযানের খরচ কমাতে নভোযানগুলো মহাকাশে পৌঁছাবে অন্যান্য বড় আকৃতির স্যাটেলাইটের সঙ্গে একই রকেটে চড়ে। ২৫ কেজি ওজনের ফায়ারফ্লাই নভোযানগুলো মহাকাশ যাত্রা শুরু করবে ২০১৫ সালে এবং দুই থেকে ছয় মাস পরে পৌঁছাবে গ্রহাণুপুঞ্জে।
এরপর ড্রাগনফ্লাই নামের বড় আরেকটি নভোযান পাঠাবে ডিস স্পেস ইন্ডাস্ট্রিজ, যা একটি গ্রহাণু থেকে একসঙ্গে ৬০ থেকে ১৫০ পাউন্ড পর্যন্ত খনিজ আহরণ করে পৃথিবীতে নিয়ে আসবে। এধরনের একটি অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত সময় লাগবে দুই থেকে চার বছর- জানিয়েছে ডিস স্পেস।
প্রতি বছর পৃথিবীর পাশ দিয়ে উড়ে যায় নয় শতাধিক গ্রহাণু। এই গ্রহাণুগুলো থেকে সোনা, লোহা এবং প্লাটিনাম সংগ্রহ করা সম্ভব। কিন্তু এই অভিযানগুলোর খরচ এতোই বেশি যে, অভিযানের সাফল্য নিয়ে সন্দিহান খোদ বিজ্ঞানীরাই। এর আগে মহাকাশের একটি গ্রহাণু থেকে মাত্র ৬০ গ্রাম খনিজ সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসতে নাসার খরচ হয়েছিল ১০০ কোটি ডলার।
