সবচেয়ে পাতলা ট্যাবলেট আনছে সনি
বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট কম্পিউটারটি বাজারে এনেছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। বিবিসি জানিয়েছে, স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা নতুন ট্যাবলেট এক্সপেরিয়া ট্যাবলেট জেড-এর পুরুত্ব মাত্র ৬.৯ মিলিমিটার, যা আইপ্যাড মিনির চেয়েও পাতলা।
ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ওই অনুষ্ঠানটিতেই সনি দেখাবে এক্সপেরিয়া জেড ট্যাবলেটটি। সনি জানিয়েছে, ১০.১ ইঞ্চি স্ক্রিনের ট্যাবলেটটি একই আকারের বাজারের অন্যান্য ট্যাবলেটের তুলনায় ওজনের দিক থেকেও হালকা, মাত্র ৪৯৫ গ্রাম।
এক্সপেরিয়া জেড স্মার্টফোনের মতোই পানি ও ধূলো নিরোধক হবে এক্সপেরিয়া জেড ট্যাবলেট। ডিভাইস দু‘টি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ‘ওয়ান-টাচ শেয়ারিং’ ফিচারটি ব্যবহার করে ডিভাইস দু’টির মধ্যে ফটো এবং ডেটা পাঠানো যাবে মুহূর্তেই।
