এবার ভবন তৈরি হবে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে পুরো একটি দালান বানানোর পরিকল্পনা করেছেন হল্যান্ডের স্থপতি জানজাপ রুইজাসেনার্স। বিবিসি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে প্রতিটি ভবন তৈরিতে খরচ হবে ৪০ থেকে ৫০ লাখ ইউরো।
জাদুঘর থেকে শুরু করে একাধিক ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের অনেক মালিকই রুইজাসেনার্সের থ্রিডি প্রিন্টারে তৈরি ভবনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে দালান নির্মাণের উদ্দেশ্যে রুইজাসেনার্স কাজ করছেন থ্রিডি প্রিন্টিং বিশেষজ্ঞ এনরিকো ডিনির সঙ্গে।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুইজাসেনার্স বলেন, ‘প্রথাগত নির্মাণ পদ্ধতিতে কাঠ ব্যবহার করে প্রথমে একটি বাহ্যিক অবকাঠামো তৈরি করা হয়। এরপর ভেতরের জায়গাটা পূরণ করা হয় কংক্রিট দিয়ে। এরপর বের করে নেয়া হয় কাঠের অবকাঠামোটি। এতে সময় ও শক্তি উভয়েরই অপচয় হয়। থ্রিডি প্রিন্টিং পদ্ধতিতে আপনি যে কোনো কিছু প্রিন্ট করিয়ে নিতে পারেন। নির্মাণের সহজ একটি পদ্ধতি এটি।’
২০১৪ সালের মধ্যেই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি প্রথম ভবনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রুইজাসেনার্স। ভিন্ন কোনো দেশে এই প্রযুক্তিতে তৈরি কেবল একটি মাত্র দালান তৈরি করবেন বলেই লক্ষ্য রুইজাসেনার্সের।
