অ্যাপল থেকেই ডাউনলোড করা যাবে অ্যামাজন স্টোরের গান
প্রথমবারের মতো অ্যামাজনের অনলাইন স্টোর থেকেই পছন্দের গান বা অ্যালবাম কিনতে পারবেন আইফোন এবং আইপড টাচ ব্যবহারকারীরা। অরেঞ্জ নিউজ জানিয়েছে, নিজেদের মিউজিক লাইব্রেরিতে ২ কোটি ২০ লাখেরও বেশি গান আছে বলে জানিয়েছে অ্যামাজন।
অ্যাপল ব্যবহারকারীদের অ্যামাজন থেকে গান কেনার সুযোগ করে দেবার কারণ ব্যাখ্যা করেছেন অ্যামাজন মিউজিকের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বুম। আইফোন এবং আইপড টাচের জন্য ক্লাউড প্লেয়ার অ্যাপ চালু করার পর থেকে নিজেদের ডিভাইস ব্যবহার করেই অ্যামাজন থেকে সরাসরি গান কেনার সুবিধা চাইছিলেন ক্রেতারা, আর এ কারণেই অ্যামাজনের এই নতুন পদক্ষেপ- বলেছেন স্টিভ বুম।
অ্যাপল ব্যবহারকারীরা অ্যামাজনের এমপিথ্রি স্টোর থেকে গান বা অ্যালবাম কিনতে পারবেন অ্যাপলের সাফারি ওয়েব ব্রাউজার ব্যবহার করে।
ব্যবহারকারীরা অ্যামাজন থেকে কেনা গান সেভ হয়ে থাকবে অ্যামাজনের ক্লাউড প্লেয়ারের লাইব্রেরিতে। আর গানগুলো যে কোনো সময় আইফোনের মতো অ্যাপল ডিভাইস এবং কিন্ডল ফায়ারে ডাউনলোড করে শোনা যাবে।
