২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফাইল শেয়ারিং সাইট ‘মেগা’ আনলেন কিম ডটকম

নতুন ক্লাউড স্টোরেজ এবং ফাইল শেয়ারিং সাইট ‘মেগা’ চালু করেছেন মেগাআপলোড প্রতিষ্ঠাতা কিম ডটকম। নতুন সাইটটি আদতে ২০১২ সালের জানুয়ারি মাসে বন্ধ হয়ে যাওয়া মেগাআপলোড সাইটটির সিকুয়্যাল বলেই জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার থেকে চালু হয়েছে মেগা সাইটটি। সকল আইন মেনেই নতুন সাইটটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন কিম। মেগাআপলোডের মতো এই সাইটটি বন্ধ করে দেবার চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে বলেই জানিয়েছেন তিনি।

সাইটটি চালু হবার কয়েক ঘণ্টার মধ্যেই আড়াই লাখেরও বেশি ব্যবহারকারী সাইটটিতে রেজিস্ট্রেশন করেছেন বলে এক টুইটার বার্তায় জানিয়েছেন কিম। ব্যবহারকারীরা প্রথম ৫০ গিগাবাইট ফাইল স্টোরেজ সুবিধা বিনামূল্যেই পাবেন বলে জানান তিনি।

মেগা সাইটটিতে আপলোড হওয়া সব ডেটা এনক্রিপ্ট করা থাকবে যাতে ওই ডেটা ব্যবহারের সুবিধা কেবল তালিকাভূক্ত গ্রাহকরাই পাবেন।

২০১২ সালে কিম ডটকমের ওয়েবসাইট মেগাআপলোড এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর পাইরেসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়েছিলো মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন কর্তৃপক্ষের অভিযানের কারণে বন্ধ হয়ে যায় ওয়েবসাইটটি।