এসএমএস পাঠিয়েই আর্থিক লেনদেন
এ পদ্ধতিতে কেবল মোবাইল ফোনের নাম্বারটি শেয়ার করেই টাকা পাঠানো এবং গ্রহণ করা যাবে।
ভবিষ্যতে এসএমএস পাঠিয়েই আর্থিক লেনদেন করা যাবে। আগামী বছর থেকে যুক্তরাজ্যে যাবতীয় আর্থিক লেনদেন সারা যাবে টেক্সট মেসেজের মাধ্যমে। বিবিসি জানিয়েছে, টেক্সট মেসেজের মাধ্যমে আর্থিক লেনদেন বিষয়ক প্রকল্পটিতে সমর্থন দিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আটটি আর্থিক প্রতিষ্ঠান।
এ পদ্ধতিতে ‘সর্ট কোড’ বা অ্যাকাউন্ট নাম্বার ছাড়াই কেবল মোবাইল ফোনের নাম্বারটি শেয়ার করেই টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন একজন গ্রাহক। তবে যুক্তরাজ্যের পেমেন্ট কাউন্সিল জানিয়েছে, লেনদেনে ব্যবস্থাটির নিরাপত্তা নিশ্চিত করতে পাসকোড বা একই রকমের কোনো নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হতে পারে।
এই পদ্ধতিতে কোনো অ্যাকাউন্ট অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে সন্দেহ করলে সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দিতে পারবে ব্যাংকগুলো। তবে লেনদেনের সর্বোচ্চ অংকটি কতো হতে পারে, তা এখনও জানায় নি পেমেন্ট কাউন্সিল।
মোবাইল থেকে টেক্সট মেসেজের মাধ্যমে লেনদেনের পদ্ধতিটি আফ্রিকার কয়েকটি দেশে চালু আছে বেশ কয়েক বছর ধরেই। যুক্তরাজ্যের জন্য সেবাটি এই প্রথম। আর এই সেবা পেতে প্রয়োজন নেই মোবাইল ই-ওয়ালেটের সঙ্গে আলাদা কোনো অ্যাকাউন্ট খোলার।
