আসছে নমনীয় ব্যাটারি
নমনীয় স্মার্টফোনের উপযোগী ও লিথিয়াম আয়নের চেয়ে উন্নতমানের ব্যাটারি বানিয়েছেন কোরিয়ান গবেষকরা।
দক্ষিণ কোরিয়ার উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক নমনীয় ব্যাটারি উদ্ভাবনের কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন, ‘অর্ধ তরল’ পলিমার ইলেক্ট্রোলাইটস-এর তৈরি ব্যাটারিটি সাধারণ ব্যাটারির থেকে অনেক নমনীয় ও নির্ভরযোগ্য বলে জানিয়েছে টেলিগ্রাফ।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের নমনীয় স্ক্রিনের স্মার্টফোনের প্রটোটাইপ প্রদর্শনের পর প্রযুক্তি নির্মাতাদের মধ্যে শুরু হয়েছে নতুন করে তুমুল প্রতিযোগিতা। গবেষকরা বলছেন, উদ্ভাবিত ব্যাটারিটি আরো বেশি নির্ভরযোগ্য।
কোরিয়ান প্রযুক্তি মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোরিয়ান দৈনিক জুনগ্যাং ডেইলিকে বলেন, ‘সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারিতে লিকুইফাইড ইলেক্ট্রোলাইটস ব্যবহার করা হয়। তাপের ফলে ইলেক্ট্রোলাইট গলে যেতে পারে, এছাড়া নেগেটিভ এবং পজিটিভ উপাদানের ফলে ঘটতে পারে বিষ্ফোরণ।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্যামসাং নমনীয় স্ক্রিনের স্মার্টফোনের প্রোটোটাইপ প্রদর্শন করে। ফোনটি নমনীয় হওয়ায় মোচড় দিলেও ডিসপ্লের কোনো পরিবর্তন হয় না। তারই প্রেক্ষিতে এবার নমনীয় ব্যাটারি উদ্ভাবন নিয়ে গবেষণা করছে উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা।
