সিকিউরিটি টেস্টে ব্যর্থ মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস
সিকিউরিটি টেস্টে মুখ থুবড়ে পড়েছে টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অ্যান্টিভাইরাস ‘মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস’। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেট জানিয়েছে, জার্মানির ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং ল্যাব এভি-টেস্ট.অর্গ-এর চালানো পরীক্ষায় মাইক্রোসফটের এটি দ্বিতীয় ব্যর্থতা।
ম্যালওয়ার ঠেকাতে বিভিন্ন অ্যান্টি ভাইরাস সফটওয়্যার কতোটা কার্যকর, প্রতি দু’মাস পর পর তা পরীক্ষা করে দেখে এভি-টেস্ট ডট অর্গ। ২০১২ সালেন নভেম্বর ও ডিসেম্বর মাসে ২৫টি কনজিউমার অ্যান্টিভাইরাস পরীক্ষা করে দেখে সাইটটি। এতে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল ছাড়াও ব্যর্থ হয়েছে পিসিটুলস ইন্টারনেট সিকিউরিটি এবং আহ্নল্যাব ইন্টারনেট সিকিউরিটি।
মাইক্রোসফটের ট্রাস্টওয়ার্দি কম্পিউটিং বিভাগের পরিচালক ডেভ ফোরস্টর্ম এক ইমেইলে এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘মাইক্রোসফট ‘ইনডেপথ’ স্ট্র্র্যাটেজিতে বিশ্বাস করে, যাতে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল/উইন্ডোজ ডিফেন্ডার অন্যান্য সিকিউরিটি ফিচারের সঙ্গে একসঙ্গে কাজ করে। সফটওয়্যারগুলোর সময় মতো আপডেট করাও জরুরি।’
এভি-টেস্ট.অর্গ-এর পরীক্ষায় মাইক্রোসফট ব্যর্থ হলেও এগিয়ে আছে অ্যাভাস্ট, এভিজি এবং পান্ডা ক্লাউড অ্যান্টিভাইরাসগুলো।
