ওয়েব থেকে নিশ্চিহ্ন হবার খরচ ২৫ ডলার!
আইফোন অ্যাপ ব্যবহার করেই নিজেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া যাবে ইন্টারনেট থেকে! ইন্টারনেট ব্যবহারকারীদের এই বিশেষ সেবা দিচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাবিন। অ্যাবিনের তৈরি নতুন ‘ডিলিটমি’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওয়েব থেকে নিজের যাবতীয় তথ্য মুছে ফেলা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেট। অ্যাপ্লিকেশনটি কিনতে খরচ হবে ২৫ ডলার।
আগে অ্যাবিনের এই বিশেষ সেবা ওয়েব সার্ভিস হিসেবে পাওয়া গেলেও এখন পাওয়া যাবে মোবাইল অ্যাপ হিসেবে। অ্যাপটির আইওএস ভার্সন বাজারে চলে এসেছে এর মধ্যেই, কাজ চলছে অ্যান্ড্রয়েড ভার্সনটি নিয়ে। তবে ডিলিটমি অ্যাপটির মূল শক্তি অ্যাবিনের কর্মীরাই। গ্রাহকের পক্ষ থেকে অ্যাবিনের কর্মীরা অনলাইন ডেটা ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করে গ্রাহকের সব ডেটা ডিলিট করতে অনুরোধ জানায়।
ডিলিটমি মোকাইল অ্যাপ থেকে একজন গ্রাহক প্রথমবার ওয়েব রিমুভাল ফর্ম ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। এরপর অবশ্য এই সেবা ভোগ করতে হবে অর্থের বিনিময়ে। সব তথ্য ডিলিট না করে বিশেষ কিছু তথ্য ডিলিট করতে চাইলে তাও করতে পারবেন গ্রাহক।
ডিলিটমি অ্যাপটি ৩ মাসের জন্য ব্যবহার করতে গ্রাহকের খরচ হবে ২৪.৯৯ ডলার। এর বিপরীতে ডিলিটমির ওয়েব ভার্সনটি ব্যবহার করতে খরচ হবে বার্ষিক ১২৯ ডলার।
ডিলিটমি ছাড়াও অ্যাবিনের তৈরি আরেকটি উল্লেখযোগ্য ইন্টারনেট প্রাইভেসিভিত্তিক অ্যাপ ‘ডুনটট্র্যাকমি’। ইন্টারনেটের ট্র্যাকিং কুকিগুলো ব্লক করে দেয় অ্যাপটি।
