আসছে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের ফোন
ফেব্রুয়ারির ২৮ তারিখ বাজারে আসতে পারে প্রথম ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন।
কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) জানিয়েছে, ৩০ জানুয়ারি ব্ল্যাকবেরি ১০ (বিবি১০) অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটি তারা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করবে বলে জানিয়েছে টেকরেডার নামে প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইট। তবে কবে নাগাদ স্মার্টফোনটি বিক্রির জন্য বাজারে ছাড়া হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
রিমের পক্ষ থেকে বাজারে কতো তারিখ নাগাদ স্মার্টফোনটি পাওয়া যাবে তা প্রকাশ করা না হলেও কয়েকটি ওয়েবসাইট জানিয়েছে আনুষ্ঠানিক প্রদর্শনীর এক মাস পরেই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। একে গুজব বলে প্রকাশ করেছে অনেক সাইট। তাতে কানাডার বেল নেটওয়ার্কের মাধ্যমে বিবি১০ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটি ছাড়া হবে জানানো হয়। রিমের প্রতিনিধি ৩০ তারিখে ডিভাইসটি দেখানোর কথা জানালেও বাড়তি কিছুই বলেন নি।
রিম জানিয়েছে, এ বছর বিভিন্ন দামের ৬টি মডেলের ব্ল্যাকবেরি১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস বাজারে ছাড়বে। আপাতত দু’টি মডেলের মোবাইল ফোন বাজার ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্ল্যাকবেরি। সেগুলো হবে কোয়ের্টি কিবোর্ড ও ফুল টাচস্ক্রিন কিবোর্ডের ডিভাইস।
