২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপডেটের পরও নিরাপদ নয় জাভা

আপডেট করার পরও জাভা সফটওয়্যারটি ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে মার্কিন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

ওরাকল কর্পোরেশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ঠিক করতে ইমার্জেন্সি আপডেট ছাড়ার পরও নিরাপদ নয় জাভা সফটওয়্যারের ব্যবহার। সিনেট জানিয়েছে, সর্বশেষ সফটওয়্যার আপডেটটি প্রকাশ করার পরও জাভা সফটওয়্যারটি ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

ডিএইচএসের কম্পিউটার ইমার্জেন্সি রেডিনেস টিম (সার্ট)-এর পক্ষ থেকে জাভা সফটওয়্যার ব্যবহারের ব্যাপারে সাবধান করে দেয়ার পর রোববার জাভা সফটওয়্যারের ইমার্জেন্সি আপডেট প্রকাশ করেছিলো ওরাকল। জাভা সফটওয়্যারের ওই খুঁত ব্যবহার করে কম্পিউটারে প্রবেশ করতে পারবে হ্যাকাররা এবং পরে কম্পিউটারটি থেকে বিপজ্জনক ওয়েবসাইটে ঢুকে ভাইরাস এবং ম্যালওয়্যারের সংক্রমণ ঘটাতে পারবে তারা।

ওরাকল জাভা ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেটটি ইনস্টল করার ওপর জোর দিলেও, সফটওয়্যারগুলোতে আরও খুঁত থাকতে পারে বলে আশংকা করছে ডিএইচএস। ডিএইচের পক্ষ থেকে বলা হয়েছে, ‘7u11  আপডেট করার পরও ওয়েব ব্রাউজারে জাভা প্লাগ-ইনের ব্যবহার অতি প্রয়োজনীয় না হলে প্লাগ-ইনগুলো ডিসএবল করে দিন। জাভা সফটওয়্যারের অনাবিষ্কৃত নিরাপত্তা ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করবে এই পদক্ষেপ।’

একটি ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠানের সূত্র দিয়ে ডিএইচএস জানিয়েছে, ওরাকলের আপডেট সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থার কেবল একটি খুঁত ঠিক করেছে। আরো একটি খুঁত রয়ে গেছে, যা জাভা সফটওয়্যার সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে এমন কেউ সহজেই অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারবে।