সোয়ার্জের মামলা খারিজ
ইন্টারনেট অ্যাকটিভিস্ট অ্যারন সোয়ার্জ আত্মহত্যা করার পর তার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ইয়াহু নিউজ জানিয়েছে, সোমবার খারিজ হয়ে যায় সোয়ার্জের বিরুদ্ধে দায়ের করা জালিয়াতির মামলা।
সোয়ার্জের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী স্টিফেন হাইমেন এবং মার্কিন অ্যাটর্নি কারমেন অরটিজ সোমবার মাত্র তিন লাইনে লেখা মামলা খারিজের এক আবেদনপত্র আদালতে জমা দেন।
মার্কিন আইন অনুযায়ী বিচারের আগেই কোনো অভিযুক্ত ব্যক্তি মারা গেলে, মামলা খারিজ করে দেবার প্রথা রয়েছে।
২০১১ সালে হ্যাকিং এবং জালিয়াতিসহ ১৩টি অভিযোগে সোয়ার্জকে গ্রেপ্তার করা হয়েছিলো। সোয়ার্জ এমআইটির ডিজিটাল আর্কাইভ থেকে হ্যাকিং করে সংগ্রহ করা বৈজ্ঞানিক প্রতিবেদন ইন্টারনেটে প্রকাশ করে দিতে চেয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিলো।
