২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার জগতের নতুন হুমকি ‘রেড অক্টোবর’

এবার ‘রেড অক্টোবর’ ভাইরাসের হুমকিতে সাইবার দুনিয়া। ২০০৭ সাল থেকে বিভিন্ন দেশ, দূতাবাস এবং পরমাণু ক্ষেত্র থেকে গোপন ও স্পর্শকাতর তথ্য চুরি করছে ভাইরাসটি। সম্প্রতি বার্তা সংস্থা বিবিসিকে এই ভাইরাসের কথা জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 10:02 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

২০১২ সালের অক্টোবর মাসে ভাইরাসটির উপস্থিতি প্রথম আবিষ্কার করেন রাশিয়ান গবেষকরা। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এবং পিডিএফ ফাইল থেকে শুরু করে এনক্রিপ্টেড ফাইল সবই চুরি করে ভাইরাসটি। এমনকি ডিলিট করে দেয়া ফাইলও খুঁজে নেয় এটি।

ক্যাসপারস্কি ল্যাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রেড অক্টোবর ভাইরাসটির আক্রমণের মূল লক্ষ্য ছিলো পূর্ব ইউরোপ, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মধ্য এশিয়ার দেশগুলো। এ ছাড়াও পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশও ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাসপারস্কির প্রধান নিরাপত্তা গবেষক ভিতালি কামলুক জানিয়েছেন, রেড অক্টোবর আক্রমণের মূল লক্ষ্যগুলো খুব সতর্কতার সঙ্গে বাছাই করেছিলো এর নির্মাতারা। ভাইরাসটির আক্রমণ ছিলো পূর্ব পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিলো শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তর। কামলুক বলেন, ‘আমরা আমাদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেই বুঝে গিয়েছিলাম যে, এটি একটি বড় সাইবার আক্রমণ।’

ঔপন্যাসিক টক ক্ল্যান্সির লেখা ‘দি হান্ট ফর রেড অক্টোবর’ উপন্যাসের রেড অক্টোবর সাবমেরিনটির সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে ভাইরাসটির। ২০১২ সালে আবিষ্কৃত আরেকটি ভাইরাস ফ্লেইম-এর সঙ্গে অনেক মিল রয়েছে রেড অক্টোবরের।