কম দামের স্মার্টফোনের চাহিদা বাড়ছে
কম দামের স্মার্টফোনের চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল চড়া দামে স্মার্টফোন বিক্রি করলেও এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কম দামের বিভিন্ন মডেলের ডিভাইস বাজারে আনছে চীন ও ভারতের নির্মাতারা।
ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ব্যবহারে স্মার্টফোনের চাহিদা বাড়ছে। ২০১২ সালের শেষ তিন মাসে ভারতের আশা ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত নোকিয়া লুমিয়া বিক্রি হয়েছে এক কোটি ৪০ লাখ। এর মধ্যে শুধু লুমিয়া বিক্রির সংখ্যা ৪৪ লাখ।
সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আইএইচএস-এর গবেষক ইয়ান ফগ বলেন, আমরা মনে করছি ২০১৬ সাল নাগাদ বিশ্বের শতকরা ৩১ ভাগ মোবাইল ফোন ব্যহারকারী সাধারণ স্মার্টফোন ব্যবহার করবে।
গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যে ২৯.৯৯ পাউন্ডে স্মার্টফোন কেনা যায়। একই দেশে অ্যাপল আইফোন বিক্রি করে ৫২৯ পাউন্ডে। তাছাড়া বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোর-এর ২০১২ সালের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের স্মার্টফোন ব্যবহারকারীদের শতকরা ২৮ জন আইফোন ব্যবহারকারী।
২০১৩ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি মেলায় চীনের মোবাইল ফোন নির্মাতা জিটিই জানিয়েছে, এবছরই তারা ইউরোপের বাজারে সাধারণ স্মার্টফোন বাজারে আনবে। এটি চলবে মজিলা ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে।
