২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু হত্যার ফেইসবুক পদ্ধতি!

মার্কিন নাগরিক রাস্টি ফস্টার হঠাৎ করেই আবিষ্কার করলেন, মারা গেছেন তিনি! অন্তত এমনটাই বলছে ফেইসবুক।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 12:37 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুধু তাই নয়, ফস্টারের ফেইসবুক পেইজটিকে বানিয়ে দেয়া হয়েছে ‘মেমোরিয়াল পেইজ’, বাংলায় যাকে বলা যায় ‘স্মৃতির পাতা’। সোশ্যাল মিডিয়া সাইটটিতে বেচারা ফস্টারের এই ‘অকাল মৃত্যুর’ খবর জানিয়েছে বার্তা সংস্থা এবিসি।
ফস্টারের এই অকাল মৃত্যুর জন্য দায়ী তারই এক বন্ধু। স্রেফ মজার ছলেই ফস্টার মারা গেছে বলে ফেইসবুকে রিপোর্ট করেছিলো ওই বন্ধুটি।
ফেইসবুকের এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা ফস্টার জানান মাইক্রোব্লগিং সাইট টুইটারে। বৃহস্পতিবার ফস্টার টুইটারে লেখেন, ‘ফেইসবুক মনে করে, আমি মরে গেছি। আপনি কি জানতেন যে, আপনি আপনার যে কোনো ফেইসবুক ফ্রেন্ড মারা গেছে বলে রিপোর্ট করতে পারেন। আর নির্ভরযোগ্য কোনো প্রমাণ ছাড়াই আপনার অ্যাকাউন্ট লক করে দেবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।’
কোনো ফেইসবুক ব্যবহারকারী মারা গেছেন, সোশাল নেটওয়ার্কটিতে তা বিশ্বাস করাতে খুব বেশি বেগ পেতে হয় না। মেমোরিয়ালাইজেশন রিকোয়েস্ট পেইজে গিয়ে একটি ফর্ম পূরণ করলেই হবে। যে কেউ তার ফেইসবুক বন্ধুদের সেখানে ‘হত্যা’ করতে পারবেন।
ফস্টারের দাবির সত্যতা পরখ করে দেখতে মাঠে নেমেছিলেন টেকনোলজি ওয়েবসাইট বাজফিডের দুই সম্পাদক। সম্পাদকদের একজন জন হারমান মারা গেছেন বলে ফেইসবুকে রিপোর্ট করে বসেন অন্যজন। ব্যস, বন্ধ হয়ে যায় হারমানের ফেইসবুক পেইজ। এরপর হারমান ফেইসবুক কর্তৃপক্ষকে ব্যাপারটি জানানোর একঘণ্টা পর নতুন করে চালু হয় তার ফেইসবুক পেইজ। এর আরো একঘণ্টা পর অবশেষে চালু হয় ফস্টারের ফেইসবুক পেইজটি।