এ বছরেই ইউরোপে আসছে মোজিলা ফোন
বাজার দখলে আইফোন আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লড়াইয়ে এবার যোগ দিচ্ছে ওয়েব ব্রাউজার ফায়ারফক্স নির্মাতা মোজিলা।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালেই ইউরোপের বাজারে নিজেদের তৈরি অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বিক্রি শুরু করবে মোজিলা।
চায়নিজ মোবাইল ফোন যন্ত্রাংশ নির্মাতা জেডটিই জানিয়েছে, মোজিলার ফায়াফক্স অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারজাত করার জন্য ইউরোপভিত্তিক ওয়্যারলেস ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে তারা।
ইউরোপের পাশাপাশি এ বছরেই মোজিলা ফায়ারফক্স ফোন মার্কিন বাজারেও ছাড়া হবে বলেই জানিয়েছেন জেডটিই প্রধান নির্বাহী চেং লিক্সিন।
বাজারে আসার পর মূলত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত কম দামের স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে মোজিলার ফায়ারফক্স স্মার্টফোন। তবে বর্তমানে স্মার্টফোন বাজারের এক তৃতীয়াংশই রয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দখলে। ফলে অ্যান্ড্রয়েডকে টপকে যাওয়া সহজ হবে না মোজিলার জন্য।
