২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভা সফটওয়্যার বিষয়ে সতর্ক করলো মার্কিন সরকার

ওরাকল কর্পোরেশনের তৈরি জাভা সফটওয়্যার ব্যবহারের ব্যাপারে সাবধান করে দিয়েছে মার্কিন সরকারের নিরাপত্তা সংস্থা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাভা সফটওয়্যার ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক এবং ব্যক্তিগত কম্পিউটারের ভাইরাস ইনস্টল করে নানা ক্ষতি করার পথ খুঁজে পেয়েছে হ্যাকাররা।

প্রযুক্তি ডেস্ক

আবদুল্লাহ জায়েদ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 10:20 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাভা সফটওয়্যারের নিরাপত্তা হুমকি এড়াতে কম্পিউটারের জাভা সফটওয়্যারটি ডিসএবল করার পরামর্শ দেয়া হয়েছে মার্কিন সরকারের পক্ষ থেকে।

বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নিজস্ব ওয়েবসাইটের এক পোস্টে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বর্তমানে এই সমস্যার কোনো সমাধান জানা নেই আমাদের। জাভার নিরাপত্তা ত্রুটিকে সাইবার আক্রমণের অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে এর আগেও আক্রমণ করেছে হ্যাকাররা। জাভা সফটওয়্যারের এই নিরাপত্তা ঝুঁকি থেকে বাঁচতে ওয়েব ব্রাউজারের জাভা ডিসএবল করে দিন।’

জাভা সফটওয়্যারের এই নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওরাকল কর্পোরেশন।

জাভা হচ্ছে কম্পিউটারের এমন একটি ভাষা, যাতে কেবল এক সেট কোড ব্যবহার করেই সফটওয়্যার বানাতে পারেন প্রোগ্রামাররা। মাইক্রোসফটের উইন্ডোজ, অ্যাপলের ওএস এবং লিনাক্সের মতো সব অপারেটিং সিস্টেমেই চলে জাভা সফটওয়্যার।

কম্পিউটার ব্যবহারকারীরা মূলত মডিউল বা প্লাগ-ইন হিসেবে জাভা প্রোগ্রাম ব্যবহার করেন, যা কিনা ইন্টারনেট এক্সপ্লোরার বা ফায়ারফক্সের মতো ওয়েবব্রাউজারের সঙ্গে কাজ করে।