২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনের মেলা

উন্নত প্রযুক্তির মোবাইল ফোনের বাজার সম্প্রসারণে রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে স্মার্টফোন প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুক্রবার সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্টফোন এক্সপো- ২০১৩’ উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বৈচিত্র্যময় সুবিধা সম্বলিত নানা ধরনের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্টফোনকে আরো সহজলভ্য করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “স্মার্টফোনের জন্য বাংলা কনটেন্ট তৈরিতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বাংলা কনটেন্ট বাড়ালে এটি আরো জনপ্রিয় হবে।”

উন্নত দেশগুলোর উদাহরণ টেনে দেশে ইন্টারনেট সুবিধার আওতা বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী।

প্রশাসনের অনেকেই এখনো ‘অ্যানালগ যুগে’ রয়েছে বলে মন্তব্য করে ইনু বলেন, “প্রশাসনের অ্যানালগদের ডিজিটাল করতে যুব সমাজের সহযোগিতা দরকার।”

এজন্য যুব সমাজের জন্য কম দামে মোবাইল ও ইন্টারনেট সেবা দেয়ার ওপর গুরুত্ব দেন তিনি ইনু। 

ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়ার অধিকারের বিষয়ে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাদ্যের মতো ইন্টারনেট পাবারও অধিকার সবার আছে। 

তিনি তথ্যপ্রযুক্তির উপকরণের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করার পক্ষে মত দেন।

আনন্দ কমিউটার্স-এর স্বত্ত্বাধিকারি মোস্তাফা জব্বার অনুষ্ঠানে বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা দেশের তথ্য প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঙ্গে একাত্ম করতে হলে প্রাথমিক পাঠ্যসূচি ‘ডিজিটাল কনটেন্টে’ রূপান্তরের ওপর জোর দেন তিনি।

এ প্রদর্শনীতে সাতটি প্যাভেলিয়নে মোট ১৭টি স্টলে স্যামসাং, সিম্ফনি, জেডটিইসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া মেলার প্রধান পৃষ্ঠপোষক টেলিটকের থ্রি-জি স্টল এবং অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কিরও একটি করে স্টল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ আয়োজনের অন্যতম পার্টনার।

১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদের মধ্যে টেলিটকের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, স্যামসাংয়ের জেনারেল ম্যানেজার সাং ইয়া সুং এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।