মার্কিন ব্যাংকে সাইবার আক্রমণে অভিযুক্ত ইরান
মার্কিন যুক্তরাষ্ট্র্রের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর ওপর কয়েক মাস ধরেই চলছে টানা সাইবার আক্রমণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের জন্য দায়ী কারা, সে ব্যাপারে এতোদিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান এবং মার্কিন কর্তৃপক্ষ বলছে, ব্যাংকগুলোর ওপর সাইবার আক্রমণের জন্য দায়ী ইরান।
ওয়াশিংটনের সেন্টার ফর কমার্শিয়াল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর সাবেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস এ লিউইস বলেন, ‘ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের জন্য যে ইরান দায়ী, সে ব্যাপারে মার্কিন সরকারের কোনো সন্দেহ নেই।’
সাইবার আক্রমণের শিকার মার্কিন প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে ওয়েলস ফার্গো, জেপি মর্গান চেস, ব্যাংক অফ আমেরিকা, সিটিগ্রুপ ও এইচএসবিসি। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার আক্রণের দায় শিকার করেছিলো ‘সাইবার ফাইটার্স অফ ইজ আদ-দ্বীন আল কাসাম’ নামে হ্যাকারদের একটি সংগঠন।
ইসলাম ধর্মের মহানবীকে অবমাননা করে তৈরি ভিডিও ক্লিপ ইন্টারনেটে পোস্ট করায় তার প্রতিশোধ হিসেবে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি করেছিলো হ্যাকারদের সংগঠনটি। তবে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইজ আদ-দ্বীন আল কাসাম আদতে ছিলো ইরানের একটি ‘কাভার’ মাত্র।
মার্কিন ব্যাংকগুলোর ওপর এই সাইবার আক্রমণ এখনও চলছে। ম্যাকাফি জানিয়েছে, ২০১৩ সালেও মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর চলবে লাগাতার সাইবার আক্রমণ। অন্যদিকে ফ্লেইম, ডুকু ও স্টাক্সনেটের মতো ভাইরাস ব্যবহার করে ইরানের পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার প্ল্যান্ট এবং তেল কোম্পানিগুলোর ওপর মার্কিন সরকার আক্রমণ চালাচ্ছে বলে ইরানের তরফ থেকে অভিযোগ রয়েছে।
