তথ্য প্রযুক্তিতে জনসাধারণের প্রবেশাধিকার বৃদ্ধি করতে রংপুরে ডি. নেট এর আন্তর্জাতিক কর্মশালা
তথ্য প্রযুক্তিতে জনসাধারণের প্রবেশাধিকার বৃদ্ধি করতে ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) এর উদ্যোগে ‘বিল্ডিং টেলিসেন্টার ফ্যামিলি ইন বাংলাদেশ : এ ওয়ার্কশপ ফর দ্য সোশ্যাল এন্টারপ্রেইনার্স এ্যান্ড প্রাক্টিশনার্স’ শীর্ষক একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রংপুরের আরডিআরএস অডিটোরিয়ামে রোববার এই কর্মশালা শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
কর্মশালার উদ্দেশ্য হচ্ছে--তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে জনসাধারণের তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি এবং এই প্রক্রিয়ায় দারিদ্র্য বিমোচনে যে সকল সংগঠন কাজ করতে আগ্রহী তাদের সাথে মিলে এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডি. নেট পরিচালিত পল্লীতথ্য কর্মসূচীর অধীনে বর্তমানে সারাদেশে চারটি পল্লীতথ্য কেন্দ্র পরিচালিত হচ্ছে।
এই কর্মশালায় দেশী--বিদেশী প্রায় ১০০টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বিস্তারিত জানতে লগ অন করুন www.pallitathya.org/telecentre.
বিশ্বব্যাপী টেলিসেন্টার আন্দোলনের চালিকা শক্তি হিসেবে পরিচিত কানাডাভিত্তিক প্রতিষ্ঠান টেলিসেন্টার অর্গ এবং ইউএনডিপি বাংলাদেশে এই কর্মশালার আয়োজনে সহায়তা করেছে।
