জার্মানির সিবিট মেলায় এবারো ব্যর্থ বাংলাদেশ
বরাবরের মতো জার্মানির হ্যানোভায় বিশ্বের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলা ‘সিবিটে’ অংশ নিয়ে এবারো বাংলাদেশ শুন্য হাতে ফিরেছে। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই খাতে প্রচুর অর্থ ব্যয় করলেও কোনো সুফল পাচ্ছে না।
কয়েকজন তথ্য প্রযুক্তি ব্যবসায়ী ও ইপিবি কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা যায়।
‘সিবিট ২০০৬’ প্রসঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বিভিন্ন পত্র--পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রেরণ করে।
গত ৯ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত ওই মেলায় ইপিবি’র আয়োজনে ৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে বলে ইপিবি জানায়। প্রকৃতপক্ষে ওই আয়োজনে বাংলাদেশের মাত্র তিনটি প্রতিষ্ঠান অংশ নেয় বলে অংশগ্রহনকারি ব্যবসায়ীরা জানিয়েছেন। এদের মধ্যে মাত্র দু’টি প্রতিষ্ঠান মেলায় বাংলাদেশের প্যাভেলিয়নে নিয়মিত অবস্থান করে।
সিবিট মেলায় অংশ নেয়া ভিজ্যুয়াল ম্যাজিক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজকে বলেন, সিবিটের উদ্বোধনী দিনে বাংলাদেশ দলে একমাত্র আমিই ছিলাম স্টলে।
তিনি জানান, সুইডিশ প্রতিষ্ঠান সিপ্পো’র আমন্ত্রণে মেলায় অংশ নেয়া লিডস সফট ও দোহা ইনফোটেক উদ্বোধনী দিনের শেষ মুহুর্তে বাংলাদেশের স্টলে না আসলে দেশের মান-সম্মান নিয়ে প্রশ্ন উঠতো। এই দুটি প্রতিষ্ঠান ইপিবি’র বাংলাদেশ দলের সাথে জার্মানিতে যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইপিবি কর্মকর্তা জানান, জার্মানিতে সহজে ভিসা পাওয়া যায় না। সিবিট উপলক্ষে সরকারের সহায়তায় ব্যবসায়ীদের সেন-চেন ভিসা করে দেয়া হয়। এরপর তারা সেখানে গিয়ে মেলার চেয়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণেই বেশি ব্যস্ত হয়ে পড়ে।
মোট চারবার সিবিট মেলায় অংশ নেয়া ইনসফটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শোয়েব চৌধুরী বিডিনিউজকে বলেন, এই মেলায় শুধু সরকারের অর্থই নষ্ট হয়। তথ্য প্রযুক্তি সংশিষ্ট সংগঠন বেসিস এ ব্যাপারে বরাবরই উদাসীন। টিম নির্বাচনের ক্ষেত্রেও কোন বাছবিচার করা হয় না। ফলে সিবিটে অংশগ্রহণ একটি ব্যর্থ ইভেন্টে পরিণত হয়েছে।
সিবিট মেলায় অংশ নেয়নি ফরনিক্স সফট। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মেহেদী হাসান মেলায় অংশগ্রহণ করে অনেক টাকার কাজ পেয়েছেন বলে দাবি করেন। অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
ইপিবি’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই প্রতিষ্ঠানের সিবিটে অংশগ্রহণের কথা থাকলেও তারা অনিবার্য কারণ দেখিয়ে তা করেনি।
একইভাবে ভিজ্যুয়াল সফট লিমিটেড, আনন্দ কম্পিউটার্স, ওয়ান নেট কমিউনিকেশন লিমিটেড, ই--জেনারেশন লিমিটেড, অ্যাসটরেয়ড সিস্টেমস মেলায় অংশগ্রহণকারীদের তালিকায় থাকলেও তারা সিবিটে যাননি।
এ প্রসঙ্গে আনন্দ কম্পিউটার্সের স্বত্বাধিকারী মোস্তফা জব্বার বিডিনিউজকে জানান, সিবিটে অংশ না নেওয়ার ব্যাপারে বেসিস ও ইপিবিকে জানানোর পরও বিভিন্ন পত্রিকায় অংশগ্রহণকারির তালিকায় আমার নাম দেখে অবাক হয়েছি।
মোট তিনবার সিবিট মেলায় অংশগ্রহণকারী বিডিকমের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবের বিডিনিউজকে জানান, বাংলাদেশী কোন প্রতিষ্ঠান সিবিটে অংশ নিয়ে লাভবান হয়নি। সেখানে গেলে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া যায়। তবে তাতে তেমন একটা কাজ পাওয়া যায় না। তবে ঘোরাঘুরির জন্য সিবিটে যাওয়া ভাল।
তবে কয়েকজন ব্যবসায়ী বিডিনিউজকে জানান, পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর সিবিটে গিয়ে কোটি কোটি টাকার কাজ নিয়ে আসছে। কিন্তু আমরা পরিকল্পনাহীনভাবে সেখানে যাই।
তারা জানান, সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা করে শক্তিশালী টিম নিয়ে সিবিটে যেতে পারে। প্রয়োজনে প্রতিবছর না গিয়ে দুই বা তিন বছর পরপর অংশ নেয়া যেতে পারে। এতে সরকারের অনর্থক অর্থও নষ্ট হবে না এবং বাংলাদেশের একটি শক্তিশালী অংশগ্রহণ থাকবে আন্তর্জাতিক এই মেলায়।
