সারা দেশে টেলিবার্তা’র যুবক ফোনের যাত্রা শুরু
পঞ্চম বেসরকারি ল্যান্ডফোন পরিচালনাকারী কোম্পানি টেলিবার্তা’র যুবক ফোন মঙ্গলবার থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ ফোনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে টেলিফোনের ব্যবহার ১০ শতাংশে উন্নীত হয়েছে। এতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিফলন বোঝা যায় এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
তিনি বলেন, শিগগিরই সাবমেরিন ক্যাবল চালু হয়ে গেলে এ খাতের চেহারা পুরোপুরি পাল্টে যাবে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন ও রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, টেলিযোগাযোগ খাতের এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০০৬ সালের শেষে বাংলাদেশে টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশে উন্নীত হবে।
টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধিকে ‘মোবাইল বা টেলিফোন ফ্লু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিমাসে দেশে প্রায় ১০ লাখ টেলিফোন সেট বিক্রি হচ্ছে।
টেলিবার্তা লিমিটেডের চেয়ারম্যান হোসাইন আল মাসুম জানান, চলতি বছরের মধ্যেই ঢাকা অঞ্চলের বাইরে গ্রাহক সংখ্যা তিন লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।
টেলিবার্তার উপদেষ্টা ব্র্যাডলি হোলমেস বলেন, আমরা বাংলাদেশের মানুষের জীবন, মন ও আত্মার বন্ধন গড়ে তুলতে চাই।
টেলিবার্তার ব্যবস্থাপনা পরিচালক এএনএম গোলাম সারওয়ারও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
টেলিবার্তার সিইও আবু সাঈদ বলেন, মূল্য সংযোজন সেবার মধ্যে কল কনফারেন্সিং, কল বারিং, কল ওয়েটিং, কল ফরওয়ার্ডিং, কলার আইডি, ভয়েস মেইল ও এসএমএস সুবিধাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
কোম্পানিটি সারা দেশকে দক্ষিণপূর্ব, উত্তরপূর্ব, দক্ষিণপশ্চিম ও উত্তরপশ্চিম-এই চারটি অঞ্চলে বিভক্ত করে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাধবদী এবং ধামরাইয়ে তাদের কার্যক্রম প্রসারিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুবক ফোন তাদের অনুমোদিত বিভিন্ন অঞ্চলের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে সেটসহ সংযোগ বিতরণ করে।
