ল্যান্ডফোন ও মোবাইলের কলচার্জ কমানোর দাবি
নাগরিক অধিকার আন্দোলনের নেতারা শনিবার বলেছেন, দেশে টেলি যোগাযোগ খাতের অগ্রগতি সত্ত্বেও কলচার্জের কোনও হেরফের হয়নি।
তারা টিঅ্যান্ডটি ল্যান্ডফোনসহ বিভিন্ন কোম্পানির মোবাইল কলচার্জ সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার আন্দোলনের নেতারা বিটিটিবি’র মাসিক লাইনরেন্ট ১৫০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার দাবি জানান। এছাড়া কলের ক্ষেত্রে প্রথম ইউনিট ১০ মিনিট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৫ মিনিট করার দাবি জানান।
সংগঠনের নেতারা সকল মোবাইল পরিচালনাকারী কোম্পানির কলচার্জ ৫০ পয়সা মিনিট করার দাবি জানান।
বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, বিটিটিবি, বিভিন্ন মোবাইল পরিচালনা প্রতিষ্ঠান ও বিটিআরসি’কে নির্দিষ্ট দিকনির্দেশনা এবং ভোক্তা আইন অনুসারে কলচার্জ কমানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে।
এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে আন্দোলনের গুরুত্বের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে এ ব্যাপারে আমরা আইনের আশ্রয় নেব।
নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কলচার্জ ৫০ পয়সা মিনিট করাসহ আট দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
দেশে মোবাইল ফোনের কলচার্জ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। তারা জানান, কলচার্জ কমানোসহ অন্যান্য দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
