২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ এক্সপি’র বাংলা ইন্টারফেস প্রকাশিত

বিশ্বের শীর্ষ স্থানীয় কম্পিউটার সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার বাজারে ছেড়েছে উইন্ডোজ এক্সপি’র বাংলা ইন্টারফেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আরাফাতুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এরফলে উইন্ডোজ এক্সপি’র আইকনসহ বিভিন্ন  প্রোগ্রাম বাংলায় পাওয়া যাবে। বাংলায় কম্পিউটারের কাজ করছেন, এমন গ্রাহকদের কথা চিন্তা করেই এই নতুন ইন্টারফেস আনা হয়েছে। এছাড়া স্বল্প শিক্ষিতদেরও কম্পিউটার ব্যবহার হবে অনেক সহজ।

এর নির্মাতাদের সূত্রে জানা যায়, উইন্ডোজ’র এই বাংলা ইন্টারফেস এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক - টু'তে ব্যবহার করা যাবে।

জানা গেছে, বছর দুয়েক আগে মাইক্রোসফট তার অপারেটিং সিস্টেমের বাংলা সংস্করণ তৈরী করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় এখন তারা তৈরী করেছে বাংলা ইন্টারফেস।

ওই অপারেটিং সিস্টেমের বাংলা সংস্করণ তৈরীর কাজে  সেচ্ছাশ্রমের ভিত্তিতে মাইক্রোসফটকে সহায়তা করছে বাংলাদেশের সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান একুশে ডট অর্গ ও ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

একুশে ডট অর্গ’র কর্মী অমি আজাদ বিডিনিউজকে জানান, ভারতেকে কেন্দ্র করে তৈরি হওয়ায় এই ইন্টারফেসে প্রাথমিক পর্যায়ে ভারতীয় সময়, মুদ্রার মান ইত্যাদি দেওয়া হয়েছে।

তিনি জানান, উইন্ডোজের হেল্প ফাইলগুলোকে পরে বাংলা করা হবে।

মাইক্রোসফট সূত্র জানায়, তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতার সম্পূর্ণ বাংলা সংস্করণ থাকবে। ওই ভার্সনে বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি অনুযায়ী বাংলা ভাষায় সব প্রোগ্রাম পাওয়া যাবে।