এসেছে সাবমেরিন কেবল আর উইন্ডোজ ভিস্তা, হয়েছে আইন
প্রাপ্তি-অপ্রাপ্তি, আশা-হতাশা মিলিয়ে আরেকটি বছর কেটে গেল দেশের আইসিটি বা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অঙ্গনে। কিছু ঘটনা ২০০৬ সালকে মাইলফলক হিসেবে হিসেবে চিহ্নিত করে দিয়েছে, সন্দেহ নেই। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন, সাবমেরিন কেবল এবং বাংলায় উইন্ডোজ ভিস্তা এ বছর ছিল আলোচনার শীর্ষে।
পাশ হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন দেরিতে হলেও শেষ পর্যন্ত এবছর পাশ হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন। তথ্য এবং প্রযুক্তিও ক্রমবর্ধমান ব্যবহারের কারনে বেশ আগে থেকেই এরকম একটা আইনের দরকার ছিলো। কিন্তু নানা কারনে এ আইন প্রনয়ন করা সম্ভব হয়নি।
এখন এ আইনটি পুরো বাংলাদেশে একযোগে কার্যকর হবে। আশা করা যাচ্ছে দেশের মানুষ এখন থেকে বৈধ্য উপায়ে তথ্য আদান-প্রদান করার সুযোগ পাবে।
ই-কমার্স ও ভিওআইপি এখন থেকে চলতে পারবে সমান তালে। আইনে ইলেকট্রনিক সাক্ষর দিয়ে ইলেকট্রনিক কার্ড সত্যায়নের বিধানও রাখা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক উপায়ে কেনো দলিল, রেকর্ড বা তথ্য সংরক্ষন করা যাবে এ আইনের ফলে।
এছাড়া কম্পিউটার, কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি সাধন, কম্পিউটার ভাইরাস সংক্রমন, কম্পিউটার দূষণ, কম্পিউটার সোর্স কোড পরিবর্তন, কম্পিউটার সিস্টেম হ্যাকিং, ইলেকট্রনিক ফর্মে মিথ্যা, অশ্লীল এবং মানহানিকর তথ্য প্রকাশ, সংরক্ষিত সিস্টেমে প্রবেশ, মিথ্যা প্রতিনিধিত্ব ও তথ্য গোপন, গোপনীয়তা প্রকাশ, ভুয়া ইলেকট্রনিক সাক্ষরে সার্টিফিকেট প্রকাশ, প্রতারণার উদ্দেশ্যে ইলেকট্রনিক সাক্ষর সম্বলিত সার্টিফিকেট প্রকাশ, কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অপরাধ সংঘঠন, কোম্পানি, ব্যবসায়ী ইত্যাদি সংক্রান্ত বিবিধ অপরাধ সংঘঠন, এর তদন্ত, বিচারকার্য ও দন্ড সম্পর্কিত বিস্তারিত বিধানও এ আইনে আছে।
অবশেষে এসেছে সাবমেরিন কেবল
অনেকদিন ধরেই বলা হচ্ছিল, বাংলাদেশে ইন্টারনেটের প্রসার না ঘটার অন্যতম কারণ হলো সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ না থাকা। দেশের সফটওয়্যার শিল্পের বিকাশ না হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবেও বলা হচ্ছিল সাবমেরিন কেবল সংযোগের কথা। সব হতাশার অবসান ঘটিয়ে অবশেষে গত ২১ মে কক্সবাজারে চালু হলো সাবমেরিন কেবল।
কিন্তু এই কেবল চালু হওয়ার ফলে আইসিটিতে যে রকম জোয়ার আসবে বলে আশা করা হচ্ছিল তার কিছুই ঘটেনি। এর প্রধান কারন, সরকার সাবমেরিন কেবল চালু করার পর এর সাথে যুক্ত অন্য কাজগুলো করেনি। এমনকি সাবমেরিন কেবল সংযোগের ফলে ইন্টারনেট খরচ কমার বদলে বেড়েছে। কারণ, ইন্টারনেটকে বাধাহীন করার জন্য কেবল লাইনের যে সব ব্যবস্থা নেওয়া উচিত ছিলো তার কোনটাই নেয়া হয়নি। এছাড়া যে ল্যান্ডিং স্টেশন বসার কথা ছিলো চট্টগ্রামে তা কি কারনে ৩০ কোটি টাকা বেশী খরচ করে কক্সবাজারে সরিয়ে নেয়া হলো তার কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। বরং বিভিন্ন পত্র-পত্রিকার উদ্ধৃতি থেকে জানা যায়, কক্সবাজারে খুবই অরক্ষিত অবস্থায় আছে এ সংযোগ। অন্যদিকে ৩০ বারেরও বেশি সময় লাইন কেটে যাওয়ার ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার জন্য ব্যবহারকারীরা এর উপর আস্থা রাখতে পারছে না।
বাংলায় আসছে উইন্ডোজ ভিস্তা
নিজের মাতৃভাষায় কমম্পিউটার ব্যাবহার করার ইচ্ছা থাকলেও নানা জটিলতায় আমাদের পক্ষে সম্ভব হয়নি এ কাজটা করার। কিন্তু অবশেষে পূরণ হতে যাচ্ছে আমাদের এ স্বপ্ন। বাংলাদেশ সফরের সময় বিল গেটস আশ্বাস দিয়েছিলেন অচিরেই বাংলা ভাষায় আসছে উইন্ডোজ। সেই কমিটমেন্টের অংশ হিসেবে মাইক্রোসফটের লোকাল ল্যাংগুয়েজ প্রোগ্রামের (এলএলপি) অংশ হিসেবে তৈরি হচ্ছে উইন্ডোজ ভিস্তার বাংলা ভার্সন।
এ বছরের ৮ নভেম্বর হোটেল র্যাডিসনে এ বিষয়ে মাইক্রেসফটের সাথে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং ব্রাক ইউনিভার্সিটির এক চুক্তি সাক্ষরিত হয়। এলএলপি হলো মাইক্রেসফটের এমন একটা উদ্যেগ যার মাধ্যমে মাইক্রোসফট বিভিন্ন দেশের সরকারকে আইটি শিল্পের উন্নয়নের সামাজিক এবং অর্থনৈতিক দিক সম্পর্কে সচেতন করে তুলবে।
এই কাজটি করা হবে কম্পিউটারের অপরেটিং সিস্টেম হিসেবে ওই দেশের মাতৃভাষাকে ব্যাবহার করে। বাংলা অপরেটিং সিস্টেম বলতে সাধারনভাবে যা বোঝানো হচ্ছে তা হলো অরজিনাল সফটওয়্যার-এর একটা বাংলা ডাইরেক্টরি। ফলে কম্পিউটারকে সাধারন মানুষের কাছে নিয়ে যাওয়া অনেকটা সহজ হবে। ইতিমধ্যে বিসিস এবং ব্রাক বিশ্ববিদ্যালয় পুরোদমে কাজে নেমে পড়েছে এবং আশা করা যাচ্ছে ২০০৭ এর যেকোন সময় বাজারে নেমে যাবে উইন্ডোজ ভিস্তার বাংলা ভার্সন।
বাংলাদেশি ছেলেদের সাফল্য
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছাত্রদের সাফল্যের ঘটনা কম নয়। এসিএম প্রোগ্রামিং কনটেস্ট, ইন্টারন্যাশনাল ফিউচার এনার্জি চ্যালেঞ্জ, ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার কনভেনশন, রোবোকন এর মতো বড় বড় আসরে বাংলাদেশের ছাত্রদের প্রায় কখনোই খালি হাতে ফিরতে হয়নি। এবার সে তালিকায় যুক্ত হলো ওঊঊঊ স্টুডেন্ট পেপার কনটেস্ট। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের দুটি গ্রুপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম এবং দ্বিতীয় দুটি পুরস্কারই ছিনিয়ে আনে।
আইট্রিপলইর স্টুডেন্ট পেপার কনটেস্টে এবারই প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ। আর প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনলজির লেভেল-৪ টার্ম এর দুজন ছাত্র আসিফ ইসলাম খান এবং মোহাম্মদ খালিদ আশরাফ।
মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে
ইদানিং এদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করছে আন্তর্জাতিকমানের বিভিন্ন যন্ত্রপাতি। এদের সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সেই ধারারই অংশ হিসেবে বুয়েটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের লেভেল-৪, টার্ম ২ তে পড়ুয়া পাভেল, সৈকত মাসুম, মিকাঈল এবং লেভেল-৪ টার্ম-১ এর প্রদীপ এবং আমীর এই ছয়জন মিলে প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করেছে অনলোড ট্যাপ চেঞ্জার নামে একটি যন্ত্র। এটা তারা তৈরি করেছেন জনপ্রিয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাকের জন্য এবং আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে বাজারে চলে আসবে যন্ত্রটি।
আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা
২৮-২৯ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় দু’দিনব্যাপী ‘আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০০৬’। বাংলাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ টি প্রতিযোগী দল অংশ নেয়। বুয়েট এক্সসি৩৩ডি নামের দলটি প্রথম স্থান অধিকার করে। ২য় স্থান অধিকার করে ৪টি দল: বুয়েট-ইনোভেটর, এআইইউবি-জাস্টফান, এনএসইউ-এনিগমা এবং বুয়েট-এস্টারিস্ক। ৩য় স্থান অধিকার করে দু’টি দল : গোল্ডেন এমালগাম এবং ব্ল্যাকহ্যাটস।
রোবোকন টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ
মালয়শিয়ার কুয়ালা লামপুরে ৮ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত পঞ্চম রোবোকন টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ দল। ‘বিল্ডিং দি টলেস্ট টুইন টাওয়ার অফ ওয়ার্ল্ড’ এই থিমের টুর্নামেন্টে ১৮টি দেশের মোট ১৯টি দল অংশ নেয়।
‘ডাবলিউসিজি’ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ
৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড সাইবার গেমস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে গেম হিসেবে যে কেবল ফিফা-২০০৬ ছিল তাই নয়, সঙ্গে ছিল নিড ফর স্পিড : মোস্ট ওয়ান্টেড গেমটিও। লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন ৮৮২ জন প্রতিযোগী। আর নয় রাউন্ডের এ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত গৌরবের মুকুট উঠেছে আহমেদুল হক আবিদ (নিড ফর স্পিড : মোস্ট ওয়ান্টেড) এবং ঈশান আজিজ (ফিফা ২০০৬)-এর শিরে।
কম্পিউটার শো, আইটি মেলা
বিসিএস কম্পিউটার শো ২০০৬ অনুষ্ঠিত হয় ১৭-২৩ সেপ্টেম্বর পর্যন্ত। পৃথিবীর বিখ্যাত আইসিটি পণ্য নির্মাতা শতাধিক কোম্পানির মোট ৭৬টি স্টল ও ২৬টি প্যাভিলিয়ন ছিল এবারের মেলায়। স্টল ও প্যাভিলিয়ন গুলোতে বিভিন্ন আইসিটি পণ্য প্রদর্শন করা হয়। মেলার সেমিনারগুলোতেও ছিল দর্শকদের ভীড়।
বেসিস (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফট্ওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস) এর উদ্যোগে ঢাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি মেলার দ্বিতীয় আয়োজনটি ২১ সেপ্টেম্বর ২০০৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বগুড়ার পর্যটন মোটেলে অনুষ্ঠিত এ মেলাটি ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলে। ‘বগুড়া আইটি মেলা ২০০৬’ এ ঢাকা এবং বগুড়ার ১৯টি আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
বগুড়ার পর রাজশাহীতে সেপ্টেম্বরের ২৩ ও ২৪ তারিখে আইটি মেলার তৃতীয় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
