২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না: গবেষকদের অভিমত

মোবাইল ফোন ব্যবহার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না। ডেনমার্কের চার লাখ লোকের ওপর গবেষণা চালিয়ে এ রকম সিদ্ধান্তেই পৌঁছলেন গবেষকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

গবেষণায় নেতৃত্ব দেন ডেনমার্কের ‘ইনস্টিটিউট অফ ক্যান্সার এপিডেমিওলজি’র জোয়াচিম শুজ। অর্থায়ন করেন ‘ডেনিশ ক্যান্সার সোসাইটি’ ও ‘ডেনিশ স্ট্র্যাটেজিক রিসার্চ কাউন্সিল’।

মঙ্গলবার প্রকাশিত হয় এ গবেষণা প্রতিবেদন।

মোবাইল ফোন ব্যবহার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে এতোদিন ধরে যে প্রচারণা ছিল তা কার্যত উড়িয়ে দিল নতুন এ গবেষণার ফলাফল।

জোয়াচিম শুজ তার দল নিয়ে মোট চার লাখ ২০ হাজার ৯৫ জনের ওপর গবেষণা চালান।

এদের তিন লাখ ৫৭ হাজার ৩৩৩ জন পুরুষ ও ৬২ হাজার ৫৪২ জন নারী। এদের বেশিরভাগই দীর্ঘ দুই যুগ ধরে মোবাইল ফোন ব্যবহার করে আসছেন।

এর মধ্যে ১৪ হাজার জনের মধ্যে ক্যান্সার সনাক্ত করা হয়।

এদের সবার কাছ থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা এ সিদ্ধান্তেই পৌঁছান, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার যোগসূত্র নেই।

কারণ সেক্ষেত্রে যে পরিমাণ মোবাইল ব্যবহারকারী ডেনমার্কে রয়েছে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হত।

গবেষণার ফলাফল প্রকাশের পর মোবাইলেই রয়টার্সকে শুজ বললেন, গবেষণাটি কার্যত পুরো ডেনমার্কবাসীর ওপরই চালানো হয়েছিল। যে ফলাফল পাওয়া গেছে, তা এখন আমাদের হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ দিচ্ছে। কারণ বিশ্বে কম করে হলেও ২০০ কোটি মানুষ এখন মোবাইল ব্যবহার করে।

গবেষক দলের সদস্য ভান্ডারবিল্ট ইউনিভার্সিটির জন বয়েস বললেন, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোনো যোগসূত্র আমরা গবেষণা চালিয়ে খুঁজে পাইনি।

মোবাইল ফোন যে ধরনের তেজষ্ক্রিয়তা ছড়ায় তা কোনো কোষ বা ডিএনএর জন্য ক্ষতিকর নয়। ফলে এ ধারণার কোনো ভিত্তিই নেই যে মোবাইল ফোন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিংবা ডিএনএ ধ্বংস করে।

তবে গবেষণায় কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন শুজ।

তিনি বলেছেন, মোবাইল ফোন খুব বেশি ব্যবহারকারী এবং তুলনামূলক কম ব্যবহারকারী-এ দুইয়ের ক্ষেত্রে তথ্যগুলো আলাদা আলাদাভাবে বিশ্লেষণ তারা করতে পারেননি।

ফলে খুব বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনার বিষয়টিও তারা উড়িয়ে দিচ্ছেন না।

অন্য একটি উদ্বেগের কথাও শুনিয়েছেন জন বয়েস।

তিনি বলেন, চলন্ত গাড়িতে ফোন ব্যবহার অনেক সময়ই দুর্ঘটনা ঘটাতে পারে।

এ প্রসঙ্গে ওয়াশিংটনের ওয়্যারলেস গ্রুপ সিটিআইএর মুখপাত্র জোসেফ ফ্যারেন বললেন, সারাবিশ্বে বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনেই দেখা যায় যে মোবাইল ফোনে কোনোরকম স্বাস্থ্য ঝুঁকিই নেই।