ভিডিও গেম খেলার মজা বানানোতে মোটেই নেই
ভিডিও গেম খেলাটা মজার হলেও এটা বানানো মোটেই মজার নয়, বরং ভীষণ রকমের একঘেয়ে। ভার্চুয়াল জগতের মতো বোতাম টিপলেই সেখানে সবকিছু হয়ে যায় না।
দুনিয়াজোড়া কাটতির কারণে দিন দিনই বড় হয়ে উঠেছে ভিডিও গেম ইন্ডাস্ট্রি। এ ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখায় প্রয়োজন দক্ষতার সব পেশাদার মানুষ। এ পেশায় যারা আসতে চান তাদের ওই দুনিয়ার হাল হকিকত জানাতে প্রকাশিত হয়েছে ‘পেইড টু প্লে: এন ইনসাইডার্স গাইড টু ভিডিও গেমস ক্যারিয়ারস’।
গেম ডিজাইনার ব্রায়ান সাটন এবং ক্যারিয়ার কাউন্সেলর এলিস রাশের সঙ্গে মিলে সাংবাদিক ডেভিড হাডসন লিখেছেন এ বই। দুনিয়ার বিখ্যাত ১০০টি ভিডিও গেম ইন্ডাস্ট্রিতে ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে বইটির জন্য।
ভার্চুয়াল রিয়ালিটির এ জগতে যারা পা ফেলতে চান এক সাক্ষাৎকারে তাদের জন্য কিছু টিপস দিয়েছেন হাডসন। তার ভাষায়, এখানে কর্মঘণ্টা অনেক বেশি। বেঁধে দেওয়া ডেটলাইনের মধ্যেই কাজ শেষ করার কঠোর নিয়ম মেনে চলতে হয় এখানে। লাগাতার একই কাজ করতে করতে একঘেয়ে লাগতে পারে যে কারো কাছেই। কিন্তু এর বিপরীতে আশার কথাটি হল, এটি একটি সৃজনশীল কাজ। এখানে নানামুখী প্রতিভা প্রমাণের সুযোগ আছে। আর সবচেয়ে বড় কথা, এ জগতে ভালো কাজের ফল পাওয়া যায় খুব দ্রুতই। তাই নিজেদের সম্ভাবনার দিগন্ত আরো প্রসারিত করতে মেধাবীরা এ জগতে এসে জড়ো হচ্ছে।
