২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাব-মেরিন ক্যাবল ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে আকবর আলির আহ্বান

বাংলাদেশের মানুষ যাতে সর্বসাম্প্রতিক প্রযুক্তির সুফল পেতে পারে সেজন্য সাব-মেরিন ক্যাবল ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন উপদেষ্টা আকবর আলি খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়িত হলেও ব্যবহারকারীরা সাব-মেরিন ক্যাবলের সুবিধা পাচ্ছেন না। আগামী দু’মাসের মধ্যে এই সুবিধা গ্রহণকারীর সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ সচিবকে বলা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমার মেয়াদকালে আমি কর্মকর্তাদের অন্তত দু’টি ভালো কাজ করতে বলেছি। এর একটি সাব-মেরিন ক্যাবল ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো এবং অন্যটি বৈদেশিক পোস্ট অফিস বিভাগের দুরবস্থার অবসান।”

উপদেষ্টা বিদেশ থেকে পাঠানো অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়ার জন্য পোস্ট অফিসের কিছু কর্মকর্তাকে দায়ী করেন। দেশের ১৯টি উপজেলায় বিটিটিবির টেলিফোন সংযোগ না থাকার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে বলে তিনি জানান।

আকবর আলি খান বলেন, “নির্বাচনের সময় ওইসব উপজেলায় বিটিটিবি সংযোগ দেয়া অথবা অন্য অপারেটরদের সঙ্গে নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও মন্ত্রণালয়কে বলা দেয়া হয়েছে।