২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী মোবাইল ফোন বিক্রি দ্রুত হারে বাড়ছে

এ বছরের জুলাই-সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী মোবাইল ফোন বিক্রির পরিমাণ ২৫ কোটি ১০ লাখ ইউনিটে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

গত বছর ওই সময়ের তুলনায় এই হার সাড়ে ২১ শতাংশ বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বাজার গবেষক প্রতিষ্ঠান কানেকটিকাটভিত্তিক গার্টনার ইনকর্পোরেট।

এ সময় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে ভারত ও চীনে, মোবাইল ফোন বিক্রির হার নাটকীয়ভাবে বেড়ে দাঁড়ায় আট কোটি আট লাখ ইউনিটে। এ অঞ্চলের বাজারে গত বছরের ওই সময়ের তুলনায় বিক্রি বাড়ে ৫৪ দশমিক ৭০ শতাংশ।

এ বছর এ সংখ্যা ৯৮ কোটি ৬০ লাখ ইউনিটে পৌঁছাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে গার্টনার। তারা বলছে, বছরেরর শেষ তিন মাসেই বিক্রি হবে ২৮ কোটি ১০ লাখ ইউনিট।

গার্টনার জানায়, মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে বিশ্বব্যাপী এগিয়ে আছে নকিয়া, মোটোরোলা ও স্যামসাং। বিশ্ব বাজারের ৬৮ শতাংশ এরাই দখলে রেখেছে।

বছরের তৃতীয় পর্যায়ে (জুলাই-সেপ্টেম্বর) মোট আট কোটি ৮০ লাখ ইউনিট মোবাইল ফোন বিক্রি করে তালিকার শীর্ষে আছে নকিয়া। বাজারে এর অংশীদারিত্ব ৩৫ দশমিক এক শতাংশ। গত বছরের তৃতীয় পর্যায়ের তুলনায় এই হার দুই দশমিক ছয় শতাংশ বেশি।

ফিনল্যান্ডের কোম্পানি নকিয়া উত্তর আমেরিকা ছাড়া বিশ্বের অন্যসব স্থানে এগিয়ে আছে। তবে এক বছর আগে লাতিন আমেরিকার বাজার মোটোরোলার কাছে হারালেও আবারও তা ফিরে পেয়েছে তারা।

মোটোরোলা প্রায় পাঁচ কোটি ২০ লাখ ইউনিট বিক্রি করে বিশ্ব বাজারে এর অংশীদারিত্ব বাড়িয়েছে। লাতিন আমেরিকায় নকিয়ার কাছে শীর্ষস্থান হারানো ছাড়াও পশ্চিম ও পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিক্রির দিক থেকে স্যামসাংয়ের পেছনে পড়ে এবং তৃতীয় অবস্থানে নেমে যায়।

মোটোরোলার আরএজেডআর মডেলের ফোনটি বাজার থেকে যে পরিমাণ সাড়া পেয়েছে তা কেআরজেডআর ফোনের ক্ষেত্রে হয়নি। এছাড়া মোটোরোলার বৈচিত্রময় ও সাশ্রয়ী মোটোফোন আগামী বছরের আগে বাজারে আসবে না বলে ধারণা করছে গার্টনার। তাই ওই ক্রিসমাসে মোটোরোলার বাজার খুব একটা ভালো যাবে না বলে মনে করছে তারা।

বছরের প্রথম পর্যায়ে (জানুয়ারি-মার্চ) স্যামসাংয়ের বিক্রি কিছুটা কমে গেলেও তৃতীয় পর্যায়ে এসে তারা তিন কোটি ইউনিট মোবাইল ফোন বিক্রি করে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে এর ডি৯০০ ও ই৯০০ মডেল।

সনি এরিকসন বিক্রি করে এক কোটি ৯৪ লাখ ইউনিট। গত বছর তৃতীয় পর্যায়ের তুলনায় তাদের বিক্রি বেড়েছে এক শতাংশ। তবে একটি পণ্যের ওপর ভিত্তি না করে বাজার বাড়ানোর চেষ্টা না করে তারা এ সময়ের মধ্যে বেশ কয়েকটি পণ্য বাজারে ছাড়ে। পণ্য সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে তারা বেশকিছু পদক্ষেপ নেয়। এ সমস্যার কারণে অতীতে তাদের বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

বিশ্বব্যাপী মোবাইল ফোন বিক্রির তালিকায় এদের পরেই ছিল এলজি ও বেনকিউ।

তাইওয়ানের বেনকিউ বছরখানেক আগে জার্মান কোম্পানি সিমেন্সের হ্যান্ডসেট ব্যবসা কিনে নিলেও সেপ্টেম্বরের শেষ নাগাদ জানায়, নতুন কোম্পানিতে তারা আর বিনিয়োগ করবে না। এরপর তারা নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন জানায়। এর তিন মাস আগে কোম্পানিটি মাত্র ৬০ লাখের কিছু বেশি ইউনিট মোবাইল ফোন বিক্রি করে।