আব্দুল্লাহ এইচ কাফী এসোসিওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এবং আইটি ব্যবসায়ী আব্দুল্লাহ এইচ কাফী দি এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন, এসোসিও (ASOCIO)-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গত সপ্তাহে জাপানের টোকিওতে অনুষ্ঠিত এসোসিওর দ্বি-বার্ষিক কাউন্সিলে এই ঘোষণা দেওয়া হয়।
বুধবার বিকেলে দেশে ফিরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য দেন।
আব্দুল্লাহ কাফী ১৯৯৭ সাল থেকে এসোসিও-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ২০০৭-০৮ এই দুই কর্মবছরে তিনি উন্নয়নশীল দেশগুলোর আইসিটি উন্নয়নে এসোসিওর প্রতিনিধি হিসেবে বিশেষ দায়িত্ব পালন করবেন।
ভারতের আশাঙ্ক দেশাই একই সময়ে এসোসিওর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সার্ক দেশভুক্ত পাঁচটি দেশসহ এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের ২১টি দেশ এখন এসোসিওর সদস্য।
