উত্তরাঞ্চলে নৌকায় ইন্টারনেট: জিতে নিলো ৭ কোটি টাকা
নৌকায় গ্রন্থাগার, স্কুল, ইন্টারনেটসহ কম্পিউটার ও মোবাইল ফোন। এরকম ১২টি নৌকা নদী পথে দুর্গম এলাকায় গিয়ে তথ্য-প্রযুক্তি শিক্ষা দিচ্ছে সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের। উত্তরাঞ্চলে দু’বছর ধরে এধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান সিধুলাই স্বনির্ভর সংস্থা (এসএসএস)।
সম্প্রতি এই প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিল গেটস-এর প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশনের একসেস টু লার্নিং অ্যাওয়ার্ড ২০০৫ অর্জন করে। পুরস্কার হিসেবে ১০লাখ মার্কিন ডলার (প্রায় সাত কোটি বাংলাদেশী টাকা) পেয়েছে তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৪ সালে উত্তরাঞ্চলের ৮৬,৫০০ পরিবারকে তথ্য-প্রযুক্তি শিক্ষা দিয়েছে সিধুলাই স্বনির্ভর সংস্থা। ওই বছরে তারা নদীপথে ২৪০ কিলোমিটার এলাকায় তাদের কার্যক্রমের বিস্তার ঘটায়।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ রেজওয়ান বলেন, যদি দুর্গম এলাকার শিক্ষার্থীরা স্কুলে যেতে না পারে, তাহলে স্কুল তাদের কাছে যাবে। অন্তত আমার প্রকল্প তাই করছে।
এসএসএস-এর বদৌলতে নদী পাড়ের সুবিধাবঞ্চিত মানুষরা পাচ্ছে ইন্টারনেট সুবিধা। এ প্রসঙ্গে কালিনগর গ্রামের আব্দুল আজাদ বলেন, কম্পিউটার চোখে দেখাটাই আমার কল্পনার বাইরে ছিল। আর এখন আমি কম্পিউটার চালাতে পারি, ইন্টারনেটও ব্যবহার করতে পারি।
তিনি বলেন, ইন্টারনেট থেকে আমি জানছি কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য- ক্ষেতের পোকামাকড় নিধনের উপায় কিংবা শস্যের তুলনামূলক দাম।
এসএসএস-এর প্রকল্প এলাকায় বিদ্যুৎ সুবিধা নেই। বিদ্যুৎ নেই নৌকায়ও। আর তাই তারা ব্যবহার করছে সৌরশক্তি ও তেল সাশ্রয়ী জেনারেটর।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মাইক্রোসফট করপোরেশনের চেয়ারম্যান বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস-এর প্রতিষ্ঠান এই গেটস ফাউন্ডেশন। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নমূলক খাতে এটি আর্থিক অনুদান দেয়।
