টেলিটকের ‘করপোরেট পোস্ট-পেইড’ সার্ভিস চালু, দুর্বল নেটওয়ার্ক সমাধানে কোনও উদ্যোগ নেই
বিদ্যমান দুর্বল নেটওয়ার্ক সমসার সমাধান না করেই টেলিটক কর্তৃপক্ষ বাজারে পোস্ট পেইড সার্ভিস চালু করেছে।
বৃহস্পতিবার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া টেলিকম ফেয়ারে টেলিটক কর্তৃপক্ষ করপোরেট পোস্ট পেইড সার্ভিস উদ্বোধন করে।
টেলিটক করপোরেট পোস্ট পেইড সার্ভিসের ২৫-৪৯ এসআইএমএস’র ক্ষেত্রে প্রতি সিমের (সংযোগ) মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা, ৫০-৯৯ এর ক্ষেত্রে ১২০০ টাকা এবং ১০০’র ক্ষেত্রে এ মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকার ওপরে। পোস্ট পেইড সংযোগের জন্য মাসিক লাইন চার্জ ধরা হয়েছে ২০০ টাকা।
পোস্ট পেইড সংযোগ থেকে পিক আওয়ারে জোনের মধ্যে ফোন করতে প্রতি মিনিটে খরচ হবে তিন টাকা।
টেলিটক কর্মকর্তারা জানান, করপোটে সার্ভিসের অফ পিক সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০ টা থেকে পরদিন দুপুর ১২ টা পর্যন্ত। এ সময়ে প্রতি মিনিট ২ টাকা হারে কলচার্জ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও এই সার্ভিস থেকে ফ্রি ল্যাণ্ডফোন ইনকামিং ও আউটগোয়িং সুবিধা দেওয়া হবে।
টেলিটক সূত্র জানায়, পিক আওয়ার (সকাল ৮ থেকে রাত ৮ টা), সুপার অফ পিক (রাত ১২ টা থেকে সকাল ৬ টা)সহ তাদের আরও দুই ধরণের চার্জ রয়েছে। পিক আওয়ারের চার্জ ধরা হয়েছে তিন টাকা মিনিট এবং সুপার অফপিক সময়ে টেলিটক থেকে অন্য মোবাইলে এবং টেলিটকে ফোন করলে চার্জ পড়বে যথাক্রমে প্রতিমিনিটে ১ টাকা এবং ৬০ পয়সা।
টেলিটক কাউন্টারের কয়েকজন গ্রাহক জানান, যেহেতু এখনও টেলিটক থেকে অন্য মোবাইল এবং টিএণ্ডটি ল্যান্ডফোনে সহজে সংযোগ পাওয়া যায় না, সেহেতু এ মুহূর্তে ২০০ টাকা মাসিক লাইন রেন্টের পোস্ট পেইড সার্ভিস সংযোগ নেওয়া ঝুঁকিপূর্ণ হবে।
